৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ন্যূনতম মাসিক বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের মাসিক বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছেড়ে যাবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সেখানে শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আটকা পড়ে যানবাহন, আর যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করেছেন।




