মাস্কের উড়ন্ত গাড়ির আগেই পুষ্পক বিমান ছিল, ‘রামায়ণ’ ছবির প্রচারে বললেন রণবীর কাপুর

প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করলেও ভারতের পৌরাণিক ইতিহাস তা হাজার হাজার বছর আগেই দেখেছে বলে মন্তব্য করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। তাঁর মতে, ‘রামায়ণ’-এ বর্ণিত ‘পুষ্পক বিমান’ প্রকৃতপক্ষে বিশ্বের প্রথম উড়ন্ত বাহন।
আসন্ন চলচ্চিত্র ‘রামায়ণ’-এর প্রচারণামূলক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান ‘স্টার টকস’-এ অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
নীতিশ তিওয়ারি পরিচালিত এই চলচ্চিত্রটি আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
সাক্ষাৎকারে রণবীর কাপুর ছাড়াও উপস্থিত ছিলেন সহ-শিল্পী ইয়াশ (রাবণ), রবি দুবে (লক্ষ্মণ), রাকুল প্রীত সিং এবং পরিচালক নীতিশ তিওয়ারি।
অনুষ্ঠানে সঞ্চালক রামায়ণে বর্ণিত তৎকালীন যুগের বিস্ময়কর অস্ত্রশস্ত্র ও প্রযুক্তির কথা উল্লেখ করে অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত ভিএফএক্স স্টুডিও ‘ডিএনইজি’-এর কাজের প্রশংসা করেন।
এর জবাবে রণবীর কাপুর রসিকতা ও গর্বের সুরে বলেন, ‘ইলন মাস্ক সম্প্রতি একটি উড়ন্ত গাড়ি উদ্ভাবন করেছেন। কিন্তু আমার মনে হয় ভারত আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগেই তা তৈরি করে দেখিয়েছে!’
প্রসঙ্গটি উঠে আসে টেক্সাসে সম্প্রতি অনুষ্ঠিত ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার নতুন ‘রোডস্টার’ মডেলের প্রদর্শনী ঘিরে। স্পেসএক্সের রকেট পরীক্ষা কেন্দ্রে প্রদর্শনী চলাকালীন নতুন ই-স্পোর্টস কারটি রানওয়ে থেকে উড়াল দিয়ে শূন্যে ঘূর্ণিপাক খায় এবং নিরাপদে অবতরণ করে। মাস্ক জানান, ২০২৮ সাল থেকে গাড়িটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হতে পারে।
রণবীর সেই বাহনটিকে রামায়ণের প্রাচীন ‘পুষ্পক বিমান’-এর সঙ্গে তুলনা করেন।
পৌরাণিক কাহিনি অনুসারে, দেব-স্থপতি বিশ্বকর্মা সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্য পুষ্পক বিমান তৈরি করেছিলেন। পরে ব্রহ্মা এটি ধনের দেবতা কুবেরকে উপহার দেন। তবে কুবেরকে পরাজিত করে লঙ্কার রাজা রাবণ বিমানটি দখল করেন।
মহাকাব্যে পুষ্পক বিমানকে এমন এক আকাশযান বলা হয়েছে, যা মানুষের চিন্তা বা কল্পনার গতিতে চলতে পারে এবং প্রয়োজন অনুযায়ী এর পরিসর বা ধারণক্ষমতা বাড়ানো যায়। নতুন চলচ্চিত্রে এই বিশালাকার উড়ন্ত প্রাসাদটিকে অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
দক্ষিণী সুপারস্টার ইয়াশ সাক্ষাৎকারে বলেন, ‘রামায়ণের এই আধুনিক রূপায়ণ দেখা সত্যিই চমৎকার একটা অভিজ্ঞতা। এত বছর পর আজও এই গল্পের মূল ভাবনাগুলো মানবজীবনের সঙ্গে কতটা প্রাসঙ্গিক, তা উপলব্ধি করা যায়।’
দুই পর্বে নির্মিত নীতিশ তিওয়ারির এই বিগ-বাজেট চলচ্চিত্রে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং সীতা চরিত্রে সাই পল্লবী। রাবণ চরিত্রে রয়েছেন ইয়াশ ও হনুমান চরিত্রে সানি দেওল।
প্রযোজক নামিত মালহোত্রা ও ইয়াশের যৌথ প্রযোজনায় তৈরি ছবিটির সংগীত পরিচালনা করেছেন যৌথভাবে এ আর রহমান এবং অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার। ৫ নভেম্বর দিওয়ালি উৎসবের মৌসুমে ছবিটির প্রথম পর্ব প্রেক্ষাগৃহে দেখা যাবে।




