নিউইয়র্কে শুরু হচ্ছে বেসবল পিচে ‘স্পট-ফিক্সিং’ মামলার বিচার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালতে সোমবার শুরু হচ্ছে মেজর লিগ বেসবলের (এমএলবি) দুই সাবেক পিচারের বিরুদ্ধে ‘স্পট-ফিক্সিং’ মামলার বিচার। অভিযুক্ত দুজন হলেন ক্লিভল্যান্ড গার্ডিয়ানসের সাবেক পিচার এমানুয়েল ক্লাসে ও লুইস অরটিজ।
দুজনের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে খেলার ফল প্রভাবিত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জুয়াড়িদের সঙ্গে মিলে নির্দিষ্ট পিচের গতি ও ফলাফল আগাম জানিয়ে দিয়ে তাঁরা বাজি জেতাতে সাহায্য করেছেন।
ক্লাসে ও অরটিজ দুজনই অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। মামলার রায় নির্ধারিত না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাব থেকে বেতন ছাড়া অনির্দিষ্ট ছুটিতে (নন-ডিসিপ্লিনারি লিভ) রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, পিচার দুজন হাজার হাজার ডলার ঘুষ নিয়েছেন। তাঁদের নিজ দেশ ডোমিনিকান রিপাবলিকের দুই জুয়াড়ি খেলার মধ্যেই নির্দিষ্ট পিচ নিয়ে বাজি ধরে অন্তত ৪ লাখ ৬০ হাজার ডলার জিতেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউটরদের ভাষ্য, ক্লাসে ২০২৩ সাল থেকে বাজিকরদের তাঁর পিচ সম্পর্কে তথ্য দিতে শুরু করেন এবং ২০২৫ সালে অরটিজকে এই চক্রে যুক্ত করেন। অরটিজের আইনজীবীরা তাঁর বিচার ক্লাসের থেকে আলাদাভাবে করার আবেদন করেছিলেন, তবে তা সফল হয়নি।
আগামী প্রায় এক মাস ধরে এই জুরি বিচার চলবে বলে ধারণা করা হচ্ছে। সাক্ষী হিসেবে কয়েকজন পেশাদার বেসবল খেলোয়াড়, ক্যাচার ও বেসবল নির্বাহীকে ডাকা হবে বলে জানা গেছে।
বিচারক কিয়ো এ. মাতসুমোতো গত শুক্রবার এক সম্মেলনে বলেছেন, তিনি দ্রুত জুরি নির্বাচন শেষ করতে চান, যাতে বিকেলে আইনজীবীরা তুলনামূলক সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দিতে পারেন।
ক্লাসের বয়স ২৮ বছর। তিনি তিনবারের অল-স্টার ও দুইবারের আমেরিকান লিগ রিলিভার অব দ্য ইয়ার। ২০২৫ সালের নভেম্বরে অভিযোগ প্রকাশ্যে আসার সময় তিনি ২ কোটি ডলারের পাঁচ বছরের চুক্তির চতুর্থ মৌসুম শেষ করেছিলেন।
অরটিজের বয়স ২৭ বছর। গার্ডিয়ানসের স্টার্টিং পিচার হিসেবে ২০২৫ মৌসুমে তিনি ৭ লাখ ৮২ হাজার ৬০০ ডলার আয় করেছিলেন।
দুজনের বিরুদ্ধে ওয়্যার জালিয়াতির ষড়যন্ত্র, অনেস্ট সার্ভিসেস ওয়্যার জালিয়াতির ষড়যন্ত্র, অর্থ পাচারের ষড়যন্ত্র এবং ঘুষের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা প্রভাবিত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি দেবেন বলে ধারণা করা হচ্ছে যে পিচার দুজন জুয়াড়িদের সঙ্গে মেলামেশা করেননি; ব্যাটারদের ধোঁকা দিতে কৌশলগত কারণেই তাঁরা পিচের অবস্থান বদলাতেন।
শুক্রবার বিচারক রায় দিয়েছেন, ক্লাসে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ডলার কর বকেয়া রেখেছেন—এমন প্রমাণ জুরির সামনে উপস্থাপন করা যাবে না, কারণ প্রসিকিউটররা তা আসামিপক্ষের আইনজীবীদের হাতে দিয়েছিলেন নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক দিন পর, মাত্র কয়েক দিন আগে।
একজন প্রসিকিউটর যুক্তি দিয়েছিলেন, ক্লাসের ডোমিনিকান রিপাবলিকে কয়েক মিলিয়ন ডলারের হিসাব থাকায় জুয়াড়িদের সঙ্গে মেলার কোনো প্রেরণা তাঁর ছিল না—এমন দাবি খণ্ডাতেই সরকার ওই প্রমাণটি বিচারে আনতে চেয়েছিল।
এমএলবি ও ক্লিভল্যান্ড গার্ডিয়ানস জানিয়েছে, তারা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করেছে। এমএলবি বলেছে, অস্বাভাবিক বাজির কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করার সময়ই তারা ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল।



