…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে দেশি-বিদেশি চক্রান্ত দেখছে পুলিশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে দেশি-বিদেশি চক্রান্ত দেখছে পুলিশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন এবং দেশি-বিদেশি চক্রান্ত আছে বলে মনে করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্পাঞ্চল পরিদর্শনকালে তারা এ কথা বলেন।

পুলিশের দাবি, সরকার শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করলেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও তাদের ইন্ধনদাতাদের সম্পর্কে পুলিশের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

চলমান আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করার দাবিও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের সংখ্যা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

সোমবার বিকেলে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় অবস্থিত আল মুসলিম গ্রুপের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিক আন্দোলন অব্যাহত থাকা এবং সহিংসতার পেছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আপনারা জানেন যে, গতকাল সকালে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং মজুরি বোর্ড তার কার্যক্রম অব্যাহত রেখেছে।’

শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। মজুরি বোর্ড গঠনের পরও যারা শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। শ্রম সেক্টরের উন্নয়ন তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য অন্য কিছু। কোনোমতেই তাদের উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না। এক্ষেত্রে যা যা দরকার, আইনের মধ্য থেকে সবকিছুই পুলিশ গ্রহণ করবে।’

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ব্যক্তি এবং তাদের ইন্ধনদাতাদের সম্পর্কে পুলিশ তথ্য সংগ্রহ করছে জানিয়ে ডিআইজি বলেন, ‘পুলিশের কাছে এ-সংক্রান্ত তথ্য রয়েছে। এসব তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত আছে। যারাই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চলমান আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কেউ রয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে ডিআইজি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় এবং তাদের সংশ্লিষ্টতার বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা যে রাজনৈতিক দলেরই হোন না কেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলন চলাকালে হেলমেট ও মুখে মাস্ক কিংবা কাপড় বেঁধে কিছু ব্যক্তিকে অংশ নিতে দেখা গেছে। তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ‘আপনারা দেখেছেন, আমরা অনেককে কিন্তু গ্রেপ্তার করেছি। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে।’ তিনি বলেন, ‘এই যে হেলমেট বাহিনী, এই হেলমেট বাহিনী আপনারা গত ১৭ বছরে দেখেছেন। হেলমেট বাহিনী কারা ছিল? সেই হেলমেট বাহিনী সম্পর্কে আমরা অবগত আছি। আমরা কাজ করছি।’

পুলিশ সুপার জানান, আন্দোলন চলাকালে ধারণ করা সিসিটিভি ফুটেজ, সাংবাদিকদের সংগ্রহে থাকা ভিডিও ফুটেজ এবং পুলিশের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তার দাবি, আন্দোলনরত শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ করে কিছু ব্যক্তি সহিংসতা ও ভাঙচুর করছেন। এসব ব্যক্তিকে প্রকৃত শ্রমিক হিসেবে বিবেচনা করছে না পুলিশ। তিনি বলেন, ‘আসলে যারা ভাঙচুর করছে, তারা কখনো শ্রমিক না। কারণ, শ্রমিকরা কখনো তার অর্গানাইজেশনকে, তার গার্মেন্টসকে ভাঙচুর করে না।’

চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একটি পক্ষ শিল্পাঞ্চলে বড় ধরনের পরিকল্পনা করেছিল বলেও দাবি করেছেন পুলিশ সুপার শামীমা পারভীন। তার ভাষ্য, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান ও গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় সেই পরিকল্পনা সফল হয়নি। তিনি বলেন, সাভার, আশুলিয়া, ইপিজেড ও হেমায়েতপুর এলাকায় অনেক পোশাক কারখানা চালু রয়েছে। অতীতে যেভাবে শিল্পকারখানায় ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়ার কারণে সে ধরনের পরিস্থিতি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

চলমান শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট কতটি তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে বা কতটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ সুপার। তিনি জানান, যেসব কারখানা বন্ধ রয়েছে, সেগুলোর কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে ছুটি ঘোষণা করেছে। নিরাপত্তার ঘাটতির কারণে কারখানা বন্ধ রাখতে হচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হয়নি।

পুলিশ সুপার বলেন, আগের দিন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলেও সোমবার সকাল থেকে ঢাকা জেলা পুলিশ পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। আশুলিয়া, ইপিজেড ও সাভারের বিভিন্ন পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। পুলিশের তৎপরতার কারণে এদিন কোনো পোশাক কারখানায় হামলার সুযোগ সৃষ্টি হয়নি। তিনি জানান, শিল্প পুলিশ, বিজিএমইএ এবং পোশাক কারখানার মালিকদের সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কারখানার নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে মালিকদের কারখানা খোলা রাখা এবং শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, ‘তৈরি পোশাক খাতের সঙ্গে শ্রমিকদের জীবিকা ও তাদের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা জড়িত। একই সঙ্গে দেশের অর্থনীতিতেও খাতটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফলে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।’ এদিকে আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ, আশুলিয়া ও সাভার থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে এবং বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে একাধিক ইউনিট অভিযান পরিচালনা করায় গ্রেপ্তারের মোট সংখ্যা তখন পর্যন্ত সমন্বয় করা যায়নি।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের চার দিনের রিমান্ড

বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তাঁর 'জুনিয়র বন্ধু' আহমেদ শাহরিয়ার রেজা দী…

ঢাকার বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা: দুই সপ্তাহের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন চাইল হাইকোর্ট
আইন ও অপরাধ

ঢাকার বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা: দুই সপ্তাহের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন চাইল হাইকোর্ট

ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আগে দেওয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে ব…

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে
আইন ও অপরাধ

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।…

মজুরি আন্দোলনে নাশকতার অভিযোগ তুলল পুলিশ, ঢাকা-গাজীপুরে গ্রেপ্তার ও আটক ৪৯ জন
আইন ও অপরাধ

মজুরি আন্দোলনে নাশকতার অভিযোগ তুলল পুলিশ, ঢাকা-গাজীপুরে গ্রেপ্তার ও আটক ৪৯ জন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে পরিকল্পিত নাশকতার অভিযোগ তুলেছে পুলিশ। রাজধানীর মিরপুর ও গাজী…