…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

দশ দিনের বাস্তুচ্যুতির পর হেবরনে ঘরে ফিরছেন ফিলিস্তিনি পরিবারগুলো

নিজস্ব প্রতিবেদক

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের আল-জালাদা পাড়ায় দশ দিন ধরে বাস্তুচ্যুত থাকার পর নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনি পরিবারগুলো। ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর সোমবার (২ নভেম্বর) সকালে বাসিন্দারা ঘরে ফিরে ক্ষতিগ্রস্ত ও লণ্ডভণ্ড অবস্থায় থাকা বাসা গোছানোর কাজ শুরু করেন।

ইসরায়েলি বাহিনী গত ২৪ অক্টোবর আল-জালাদা পাড়া দখল করে নেয়। এর আগের দিন কাছাকাছি এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন। সেদিন আল-নাতশার পরিবারকে মাত্র ২০ মিনিট সময় দেওয়া হয়েছিল ঘর ছাড়তে; তারা শুধু টাকা, স্বর্ণ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে নিতে পেরেছিলেন, পেছনে রয়ে গিয়েছিল বেশির ভাগ পোশাক, নিত্যব্যবহার্য জিনিস ও পারিবারিক ছবি।

৩৫ বছর বয়সী অর্থোপেডিক সার্জন নুর আল-নাতশা জানতেন, ফিরে এসে ঘর ভালো অবস্থায় নাও পেতে পারেন। ইসরায়েলি বাহিনী সরে গেছে শুনে সোমবার তিনি সতর্কভাবে ঘর দেখতে আসেন। এসে দেখেন, দরজাগুলো হাট করে খোলা, পুরো ঘর উলটপালট করা। অনেক জিনিসপত্র নেই, নেই তার ছোট মেয়ের পোষা পাখিটিও।

আল-নাতশা বলেন, “ঘরে ঢোকার পর অনুভূতিটা ছিল মিশ্র। বোঝা যাচ্ছিল না, ঘরে ফিরতে পেরে খুশি হব, নাকি ঘরের এই অবস্থা দেখে মন ভেঙে যাবে।”

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় পরিবার ও প্রতিবেশীরা নিজেদের ঘরের কাছাকাছি ওয়াদি আল-কারম এলাকায় জড়ো হয়েছিলেন। অভিযান শেষ হয়েছে—এমন খবর পেয়ে তারা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু বাহিনী সরে যাওয়ার কোনো লক্ষণ না দেখে তারা অস্থায়ী আশ্রয়ে ফিরে যান, যদিও শিগগিরই ঘরে ফেরার আশা তারা ছাড়েননি।

ভোরের দিকে বাহিনীর সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। আল-নাতশা সকাল ছয়টার দিকে পাড়ার দিকে রওনা হন। সেখানে তিনি দেখেন, কয়েকজন প্রতিবেশীও ঘরের দিকে যাচ্ছেন। আত্মীয়দের আসা পর্যন্ত অপেক্ষা করে তিনি এলাকায় ঢোকেন ও ঘর পরীক্ষা করেন।

প্রথমে বাবা ও দুই ভাইকে সঙ্গে নিয়ে আল-নাতশা ঘরটি পরীক্ষা করেন—খোলা দরজা দেখে সন্দেহজনক কিছু বা সম্ভাব্য বিপদ আছে কি না, তা নিশ্চিত হতে চেয়েছিলেন তারা। ঘর নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানোর কাজ শুরু করেন। ক্ষতিগ্রস্ত বা দূষিত হয়ে থাকতে পারে—এমন আশঙ্কায় কিছু জিনিস সরিয়ে ফেলেন তারা, যাতে ঘর আবার বসবাসের উপযোগী করা যায় ও দৈনন্দিন জীবন শুরু করা যায়।

তবে পরিবারটির ফেরা উদ্বেগমুক্ত ছিল না, বিশেষ করে আল-নাতশার চার বছর বয়সী মেয়ে ইলিয়ার জন্য। তার সবচেয়ে বড় চিন্তা পোষা পাখি ‘নাতোশ’-এর ভাগ্য নিয়ে, যাকে ঘর ছাড়ার সময় ভেতরেই রেখে আসতে হয়েছিল। পাখিটি কোথায় আছে, মারা গেছে নাকি ইসরায়েলি সেনারা ছেড়ে দিয়েছে—আল-নাতশা জানেন না। ইলিয়া এখনো তার পোষা পাখির কথা জিজ্ঞেস করে যাচ্ছে।

আল-জালাদায় পরিবারগুলোর এই ফেরা এসেছে হেবরনের কয়েকটি পাড়ায় দশ দিনের সামরিক বিধিনিষেধ ও উচ্ছেদের পর। অভিযান চলাকালে শত শত পরিবারকে ঘর ছাড়তে বাধ্য করা হয়, আর এলাকাগুলোর দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ ছিল।

হেবরন গভর্নরেটের সহায়তা ও ত্রাণ কমিটির আগে প্রকাশিত হিসাব অনুযায়ী, বাস্তুচ্যুত হয়েছিল ৫৩৭টি পরিবার, যাদের সদস্য সংখ্যা প্রায় ৩ হাজার ৩০০। বাসিন্দারা এখন ফিরতে শুরু করলেও ঘরবাড়ি ও জিনিসপত্রের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘরছাড়া থাকার দিনগুলোর দীর্ঘস্থায়ী প্রভাব রয়ে গেছে পরিবারগুলোর জীবনে।

পাড়ারই বাসিন্দা ৬৮ বছর বয়সী খালেদ শাওয়েরের কাছে ঘরের ক্ষতি আর সামরিক অভিযানের রেখে যাওয়া ধ্বংসাবশেষ ও ময়লা সামলানো যায়। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাসিন্দারা ফিরে এসেছেন এবং স্থিতির অনুভূতি ফিরে পেতে শুরু করতে পারছেন।

শাওয়ের বলেন, “সবকিছুই বদলে ফেলা যায়: ধ্বংস, ক্ষতি, ময়লা—সবকিছু। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা আমাদের ঘরে ফিরে এসেছি; এটাই আমাদের পৃথিবীর স্বর্গ, যেখানে আমরা মানসিক ও শারীরিক স্থিতি খুঁজে পাই।”

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, চালককে ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা
আন্তর্জাতিক

৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, চালককে ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা

সৌদি আরব থেকে কিং ফাহাদ কজওয়ে হয়ে অবৈধভাবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টার অপরাধে এক গাড়িচালককে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। এ…

আন্তর্জাতিক

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল শোধনাগারে আবার ড্রোন হামলা ইউক্রেনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ উপেক্ষা করে রাশিয়ার তেল স্থাপনায় আবার হামলা শুরু করেছে ইউক্রেন। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেন…

প্যালিসেডস দাবানলে ১২ জনের মৃত্যুর মামলায় অভিযুক্তের পুনর্বিচার শুরু লস অ্যাঞ্জেলেসে
আন্তর্জাতিক

প্যালিসেডস দাবানলে ১২ জনের মৃত্যুর মামলায় অভিযুক্তের পুনর্বিচার শুরু লস অ্যাঞ্জেলেসে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রাণঘাতী প্যালিসেডস দাবানল শুরু করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির পুনর্বিচার শুরু হচ্ছে এই সপ্তাহে। চার মাস আগে তার প্…

ইংল্যান্ডে প্রজাতিটির শেষ ঠিকানা থেকে চুরি হয়ে গেল বিরল পিঁপড়ার একটি বাসা
আন্তর্জাতিক

ইংল্যান্ডে প্রজাতিটির শেষ ঠিকানা থেকে চুরি হয়ে গেল বিরল পিঁপড়ার একটি বাসা

ইংল্যান্ডের সবচেয়ে বিরল পিঁপড়া প্রজাতির একটি বাসা চুরি হয়ে গেছে একটি প্রকৃতি সংরক্ষণ এলাকা থেকে। বাসাটিতে ৫ হাজার পর্যন্ত পিঁপড়া থাকতে পারে বলে জা…