গ্যাসের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি পাটওয়ারীর: ‘এটা সরকার না, সিন্ডিকেটের সরকার’

অবিলম্বে গ্যাসের দাম কমানোসহ গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না এলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
২৯ দিনের ব্যবধানে দুই দফা সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। পাটওয়ারী বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার রাতের বেলায় পণ্যের দাম বাড়িয়ে নিত। এখন তারেক রহমানও সেই পথে হাঁটছেন।’
তিনি বলেন, ‘দ্রুততম সময়ে জ্বালানির মূল্য সমন্বয় করতে হবে।’ একই সঙ্গে চলমান গার্মেন্টস শিল্পের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এতে সরকারের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে এবং এর সুবিধা নিচ্ছে পতিত আওয়ামী লীগ।
পাটওয়ারী বলেন, ‘তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার। সে কয়েকটা কোম্পানিকে সুবিধা দিতে দামটা বাড়িয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।




