ক্যালিফোর্নিয়ার মস ল্যান্ডিং সৈকতের কাছে গোলাগুলি, নিহত অন্তত দুজন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরে কাউন্টির মস ল্যান্ডিং এলাকায় সৈকতের কাছে গোলাগুলির ঘটনায় একাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন। সোমবার ভোররাতের দিকে জেটি রোডে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মন্টেরে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যরাতের কিছু পর জেটি রোডে গোলাগুলির খবর পেয়ে ডেপুটি ও গোয়েন্দারা ঘটনাস্থলে যান। শেরিফের কার্যালয় বলেছে, 'একাধিক প্রাণহানি ও হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।'
নর্থ কাউন্টি ফায়ার প্রোটেকশনের প্রধান জেস কর্টেজ জানান, ঘটনাস্থলে বুকে গুলিবিদ্ধ দুজনকে এবং সামান্য আহত আরেকজনকে পান উদ্ধারকর্মীরা। গুলিবিদ্ধ দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়, আর আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়।
তবে মোট কতজন নিহত বা আহত হয়েছেন, কিংবা কী কারণে গোলাগুলি শুরু হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।
শেরিফের কার্যালয়ের অনুরোধে ক্যালিফোর্নিয়া স্টেট পার্কস পুলিশ জেটি রোড ও মস ল্যান্ডিং স্টেট বিচ বন্ধ করে দিয়েছে, তদন্ত চলমান রয়েছে।
শেরিফের কার্যালয় বলেছে, এই মুহূর্তে মস ল্যান্ডিং সম্প্রদায়ের প্রতি কোনো সক্রিয় হুমকি নেই। তদন্ত সক্রিয় থাকায় আপাতত আর কোনো তথ্য প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে।




