ঢাকার মাতুয়াইলে পার্ক করা শ্রাবণ পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রাজধানীর কদমতলী থানা এলাকার মাতুয়াইল মেডিক্যালের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান।
এসআই হাসান রহমান জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পার্কিং করা অবস্থায় শ্রাবণ পরিবহনের বাসটিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বাসটি পুড়ে গেছে।
বাসের চালক ও হেলপারের বরাত দিয়ে এসআই জানান, রাত ১১টা ২০ মিনিটের দিকে তাঁরা গাড়িটি ওই জায়গায় পার্কিং করে খেতে গিয়েছিলেন। পরে ফিরে এসে তাঁরা দেখেন বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে এসআই হাসান রহমান জানিয়েছেন।


