এসএসসিতে অকৃতকার্যদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা ও একাদশে ভর্তির সুযোগের দাবি

এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ এবং বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এই দাবি তুলে ধরে।
সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন, পরীক্ষার সিলেবাস ও মানবণ্টনসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ, পরীক্ষার সময়সূচি ঘোষণা, দ্রুত ফল প্রকাশ এবং উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ব্যবস্থা করা।
মানববন্ধনে বলা হয়, বিশেষ পরীক্ষার সিলেবাস, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি ও পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রকাশ করা প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ এবং দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা করতে হবে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়।
চলতি বছর বিশেষ পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার দাবিও জানানো হয়েছে। সে ক্ষেত্রে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করার কথা বলেছে সংগঠনটি।
মানববন্ধনে লিখিত বক্তব্যে ঢাকা বোর্ডের পরীক্ষার্থী তামিম বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অনেক শিক্ষার্থী হতাশা ও অনিশ্চয়তায় পড়েছে। এতে তাদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা শুরু এবং ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরও বলা হয়, একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনা শেষ হয়ে যাওয়া নয়; শিক্ষার্থীদের ঘাটতি পূরণ এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।
শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।




