‘আইপিএল নিয়ে ছড়ানো খবর সত্য নয়’: গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

আইপিএলে কি দেখা যাবে মোহাম্মদ আমিরকে? পাকিস্তানের সাবেক এই পেসারকে ঘিরে প্রশ্নটা বেশ কয়েক বছর ধরেই ঘুরছে। সম্প্রতি ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নাম নিবন্ধন করায় সেই আলোচনা নতুন করে জোর পেয়েছিল। তবে আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন আমির এবং গুঞ্জনটি সত্য নয় বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমির লিখেছেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’ শুধু তা-ই নয়, ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকেও তিনি জানিয়েছেন, আইপিএলের নিলামে নাম নিবন্ধনের কোনো পরিকল্পনা তাঁর নেই।
ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আমিরের আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গত মে মাসে ব্রিটিশ পাসপোর্ট পান পাকিস্তানের সাবেক এই বাঁহাতি পেসার। এর ফলে বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ তৈরি হতে পারে, এমন খবরও প্রকাশিত হয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমে। তবে আমিরের সাম্প্রতিক বক্তব্যে আপাতত সেই সম্ভাবনায় ইতি পড়ল।
আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার সুযোগ নেই। তবে ২০০৮ সালে টুর্নামেন্টটির প্রথম আসরে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন শোয়েব আখতার ও সোহেল তানভীর। এরপর ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে আর কোনো পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে খেলেননি।
অবশ্য পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলার নজির আছে। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ ইংল্যান্ডের নাগরিক হিসেবে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া আমির অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সক্রিয়। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলছেন তিনি। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার।
গতি ও সুইংয়ের পাশাপাশি চাপের মুহূর্তে কার্যকর বোলিংয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন আমির। আইপিএল নিয়ে তাঁর এই স্পষ্ট অবস্থানের পর আপাতত টুর্নামেন্টটিতে তাঁর খেলার আলোচনা থেমে গেল।

