এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত, আহত আরও দুজন

মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের কাছে অবতরণের চেষ্টার সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে একজন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। দুজন কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০২:৩০) ফেরিচে এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের ব্লেড একে অপরের সঙ্গে লেগে যায়। ফেরিচে এভারেস্ট বেস ক্যাম্প থেকে প্রায় ১২ কিলোমিটার (৭ মাইল) দক্ষিণে অবস্থিত। হেলিকপ্টার দুটি মাটি থেকে মাত্র কয়েক মিটার ওপরে থাকা অবস্থায় সংঘর্ষ হয়।
হেলিকপ্টার কোম্পানি ফিশটেইল এয়ার নিহত ব্যক্তির নাম ভাসান্ত কুমার বালারামুডু বলে জানিয়েছে।
ফিশটেইল এয়ার বলেছে, সংঘর্ষে তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল এবং ওই হেলিকপ্টারের আরেকজন যাত্রী ও ক্যাপ্টেন আহত হয়েছেন। বিবৃতিতে কোম্পানিটি জানায়, আহত যাত্রী ও ক্রু সদস্যদের উদ্ধার করে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।
সোলুখুম্বু জেলার কর্মকর্তা ভূপেন্দ্র থাপা বিবিসি নেপালকে জানিয়েছেন, আহত যাত্রী নিউজিল্যান্ডের একজন পর্যটক।
অন্য হেলিকপ্টারটি এয়ার ডাইনেস্টি পরিচালনা করছিল এবং সেটি মালামাল বহন করছিল বলে কোম্পানিটি জানিয়েছে। ওই হেলিকপ্টারে একজন ক্রু সদস্য ছিলেন, তিনি আহত হননি।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল বলেছেন, মনে হচ্ছে দুটি হেলিকপ্টার একই জায়গায় অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটেছে।
ভিডিও ফুটেজে আবহাওয়া পরিষ্কার দেখা গেছে এবং প্রবল বাতাসের কোনো প্রভাব চোখে পড়েনি। একটি হেলিকপ্টার অন্যটির তুলনায় দ্রুত নামছিল বলে ফুটেজে দেখা গেছে। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা হেলিকপ্টারগুলোর অবস্থানের দিকে ছুটে যান।
কঠিন ভূখণ্ডের কারণে হিমালয়ের দেশ নেপালে পরিবহনের জন্য হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দ্রুত বদলে যাওয়া আবহাওয়া এবং উচ্চতা প্রায়ই বিমান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তোলে।
ফেরিচে গ্রামটি বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের চূড়ায় ওঠার ট্রেকিং পথে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার মিটারের (১৩ হাজার ১২০ ফুট) বেশি উঁচুতে।
শরৎকাল জনপ্রিয় আরোহণ মৌসুম হওয়ায় বর্তমানে ওই অঞ্চলে এভারেস্ট ও আমা দাবলাম পর্বতে আরোহণ অভিযান চলছে।



