নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকে তল্লাশি, ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ রাজশাহীর দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫ ও এসআরবি-১১) যৌথ দল।
এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে রাজশাহীর দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া মাঠপাড়া এলাকার ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার মো. নয়ন ইসলাম (২৪)।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর এসআরবি-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে ঢাকায় ইয়াবা নেওয়া হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে সড়কে তল্লাশিচৌকি বসানো হয়।
একপর্যায়ে সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা ইয়াদুল ও নয়নকে গ্রেপ্তার করা হয় এবং ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি আরও জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার দুজনকে উদ্ধার করা মাদক ও ট্রাকসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




