ক্যালিফোর্নিয়ার গভর্নর হলেন সাবিয়ের বেসেরা, ১৮৭৫ সালের পর প্রথম লাতিনো গভর্নর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির সাবিয়ের বেসেরা। সাবেক স্বাস্থ্য ও মানবসেবা সচিব বেসেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত রিপাবলিকান প্রার্থী ও সাবেক ফক্স নিউজ উপস্থাপক স্টিভ হিলটনকে পরাজিত করেছেন।
মেক্সিকান অভিবাসী দম্পতির সন্তান ৬৮ বছর বয়সী বেসেরা ১৮৭৫ সালের পর ক্যালিফোর্নিয়ার প্রথম লাতিনো গভর্নর হতে যাচ্ছেন। অঙ্গরাজ্যটির বাসিন্দাদের ৪০ শতাংশের বেশি লাতিনো এবং সেখানে প্রায় প্রতি দুই শিশুর একজনের বাবা বা মা অভিবাসী।
রাজধানী স্যাক্রামেন্টোতে বিজয় উদ্যাপনের অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে বেসেরা বলেন, গভর্নর হিসেবে তাঁর লক্ষ্য এমন এক ক্যালিফোর্নিয়া গড়া, যেখানে বসবাসের সামর্থ্য মানুষের থাকবে এবং যাকে হারানো যাবে না, তাকে রক্ষা করা হবে।
ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির অধিকারী। ২০১৬ সালে ট্রাম্প প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে অঙ্গরাজ্যটি উদারপন্থী প্রতিরোধের ঘাঁটি হিসেবে পরিচিত।
বেসেরা দায়িত্ব নেবেন মেয়াদ শেষ হতে যাওয়া গভর্নর গ্যাভিন নিউসমের স্থলাভিষিক্ত হয়ে। নিউসম প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।
নির্বাচনী প্রচারে বেসেরা ‘ক্যালিফোর্নিয়া ড্রিম’ ফিরিয়ে আনার কথা বলেন। জীবনযাত্রার ব্যয় কমানো ও সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করাকে তিনি প্রচারের কেন্দ্রে রাখেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অবস্থানের কথাও বারবার তুলে ধরেন তিনি। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল থাকাকালে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের বিরুদ্ধে তিনি ১২২ বার মামলা করেছিলেন বলে প্রচারে উল্লেখ করেন বেসেরা।
অন্যদিকে ব্রিটিশ বংশোদ্ভূত হিলটন অঙ্গরাজ্যের সমস্যার জন্য স্যাক্রামেন্টোতে ডেমোক্র্যাটিক শাসনকে দায়ী করেন। অতিরিক্ত নিয়ন্ত্রণ, উচ্চ কর ও অসাধ্য জীবনযাত্রার ব্যয়ের কথা তুলে ধরে তিনি কর কমানো, সস্তা জ্বালানি ও ছোট সরকারের প্রতিশ্রুতি দেন।
গভর্নর পদে বেসেরার পথটি সহজ ছিল না। ভিড়ভাট্টার প্রাইমারি মাঠে তিনি অনেকটা সময় এক অঙ্কের শতাংশ সমর্থনে আটকে ছিলেন। প্রার্থিতা প্রত্যাহারের জন্য দলের কর্মকর্তারা যাঁদের উৎসাহিত করেছিলেন, তাঁদের মধ্যেও তিনি ছিলেন।
সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের প্রচার যৌন নিপীড়নের অভিযোগের মুখে ভেঙে পড়ার পর বেসেরার অবস্থান বদলাতে থাকে। তিনি ধনকুবের প্রার্থী টম স্টেয়ারকে পেছনে ফেলে হিলটনের সঙ্গে সাধারণ নির্বাচনের ব্যালটে শীর্ষ স্থান নিশ্চিত করেন।
নতুন প্রশাসনের সামনে থাকা চ্যালেঞ্জের তালিকায় রয়েছে জীবনযাত্রার উচ্চ ব্যয়, আবাসন সংকট, গৃহহীন সমস্যা, বাড়তে থাকা বিমা প্রিমিয়াম, দাবানলের ঝুঁকি এবং সম্পদ বৈষম্য।




