ইলিনয় সিনেটের ২৬ নম্বর আসনে জিতলেন নাবিলা সৈয়দ, ৫৭ শতাংশ ভোট পেয়ে হারালেন রিপাবলিকান ডার্বি হিলসকে

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটের ২৬ নম্বর ডিস্ট্রিক্ট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা সৈয়দ। উত্তর-পশ্চিম শহরতলির এই আসনে তিনি বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করেছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, প্রদত্ত ভোটের প্রায় ৯৪ শতাংশ গণনার পর নাবিলা সৈয়দ পেয়েছেন ৫৭ শতাংশ ভোট, মোট ৪৮ হাজার ৫১টি। তাঁর প্রতিদ্বন্দ্বী ডার্বি হিলস পেয়েছেন ৪৩ শতাংশ ভোট, মোট ৩৬ হাজার ২৮২টি।
২৭ বছর বয়সী নাবিলা সৈয়দের এই জয়ে ইলিনয় সিনেটে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আরও মজবুত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তিনি মূলত ইনভারনেস এলাকার বাসিন্দা।
নির্বাচনী তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা রিফর্ম ফর ইলিনয়ের নির্বাহী পরিচালক আলিসা কাপলানের মতে, এই আসনের প্রচারণায় প্রায় ৬৫ লাখ ডলার ব্যয় হয়েছে। তাঁর ভাষ্যে এটি রাজ্যের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সাধারণ পরিষদ নির্বাচনী লড়াই।
তহবিল সংগ্রহেও এগিয়ে ছিলেন নাবিলা সৈয়দ। তিনি একাই অন্তত ৪৭ লাখ ডলার সংগ্রহ করেন, যার বড় অংশ এসেছে ইলিনয় ডেমোক্রেটিক পার্টি, সিনেট প্রেসিডেন্ট ডন হারমনের নিয়ন্ত্রণাধীন তহবিল ও শ্রমিক ইউনিয়নগুলো থেকে।
অন্যদিকে ডার্বি হিলস সংগ্রহ করতে পেরেছিলেন ১৮ লাখ ডলার। ভোটের পর এক বিবৃতিতে হিলস ডেমোক্র্যাটদের বিপুল অর্থ ব্যয় ও প্রচারণার ‘অসাধু কৌশলের’ অভিযোগ তোলেন।
মঙ্গলবার ৩ নভেম্বর রাতে জয়ের ঘোষণার পর নাবিলা সৈয়দ সমর্থকদের উদ্দেশে বলেন, তাঁদের প্রচার দল ও স্বেচ্ছাসেবকেরা ভোটের লোভে নয়, মানুষের জীবনযাত্রার মূল সমস্যাগুলো নিয়ে সহানুভূতি ও অনুভূতির সঙ্গে ঘরে ঘরে কথা বলতে পেরেছে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে স্নাতক নাবিলা সৈয়দ এর আগে ইলিনয় হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সর্বকনিষ্ঠ নারী এবং প্রথম মুসলিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রচারণাকালে নিজের বয়স ও ধর্মীয় পরিচয় নিয়ে প্রতিপক্ষের আক্রমণের বিষয়ে তিনি বলেন, প্রচারণায় গিয়ে তিনি চরম বিদ্বেষপূর্ণ ও ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন; এই ডিস্ট্রিক্টেই বড় হয়েও তাঁকে প্রমাণ করতে হচ্ছিল যে তিনি এই দেশেই জন্মেছেন।
অন্যদিকে ৫০ বছর বয়সী সাবেক প্রসিকিউটর ও বারিংটন হিলসের সাবেক ট্রাস্টি ডার্বি হিলস নাবিলার কম বয়স ও অভিজ্ঞতাকে প্রচারণার মুখ্য বিষয় করেছিলেন এবং শেষ দিনগুলোতে তাঁকে ‘উগ্রপন্থী’ হিসেবে আখ্যা দেন।
ইলিনয়ের অন্য আসনগুলোতেও ডেমোক্র্যাটরা বড় জয় পেয়েছেন। ২৪ নম্বর সিনেট ডিস্ট্রিক্টে রিপাবলিকান সিনেটর সেথ লুইসকে হারিয়েছেন ডেমোক্র্যাট বেঞ্জামিন ম্যাকঅ্যাডামস, তিনি পেয়েছেন ৫৫ শতাংশ ভোট। ৫২ নম্বর হাউস ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট মারিয়া পিটারসন ৫৬ শতাংশ ভোট পেয়ে হারিয়েছেন রিপাবলিকান মার্টিন ম্যাকলাফলিনকে, যিনি ২০২৪ সালে মাত্র ৫০ ভোটের ব্যবধানে জিতেছিলেন।
১৪ নম্বর সিনেট ডিস্ট্রিক্টে ফেডারেল তদন্ত সত্ত্বেও ডেমোক্র্যাট সিনেটর এমিল জোন্স তৃতীয় প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই নির্বাচনে ডেমোক্র্যাটরা ইলিনয় প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।




