ইথিওপিয়াকে গোপন গোয়েন্দা তথ্য পাচারের দায় স্বীকার করলেন সাবেক মার্কিন ঠিকাদার লেমা

ইথিওপিয়ায় জন্ম নেওয়া মার্কিন নাগরিক ও সাবেক মার্কিন সরকারি ঠিকাদার আব্রাহাম টেকলু লেমা অতি গোপনীয় গোয়েন্দা তথ্য ইথিওপিয়ার কাছে পাচারের দায় স্বীকার করেছেন। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, তিনি দুই বছরের বেশি সময় ধরে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে কয়েক ডজন গোপন নথি ও ছবি পাঠিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, লেমা আশা করেছিলেন, তাঁর দেওয়া তথ্য ইথিওপিয়ার ২০২০–২২ সালের গৃহযুদ্ধের সময় টাইগ্রে অঞ্চলের যোদ্ধাদের চিহ্নিত করে হত্যা করতে কাজে লাগবে। ওই যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।
৫৪ বছর বয়সী লেমা চুক্তির শর্ত অনুযায়ী সর্বোচ্চ ২২ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। কলাম্বিয়া জেলার মার্কিন অ্যাটর্নি জেনিন ফেরিস পিরো বলেছেন, লেমা নিজের শপথ, সহকর্মী ও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছেন।
লেমা মার্কিন পররাষ্ট্র দপ্তর, বিচার বিভাগ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উপগ্রহের দায়িত্বে থাকা সংস্থা ন্যাশনাল রিকনাইস্যান্স অফিসে ঠিকাদার হিসেবে কাজ করেছেন। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি ইথিওপিয়ার রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কাজ করেছেন।
তিনি নিরাপদ সরকারি স্থাপনা থেকে গোপন উপাদান গোপনে সরিয়ে নিতেন, কখনো সংবেদনশীল তথ্য হাতে লিখে নোট আকারে ভবনের বাইরে নিয়ে যেতেন। তথ্যপ্রযুক্তি প্রশাসক হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে তিনি ইলেকট্রনিক গোয়েন্দা ফাইলও সংগ্রহ করেন।
অভিযোগে বলা হয়েছে, তাঁর পাঠানো তথ্যের মধ্যে ছিল উপগ্রহ চিত্র ও সামরিক তৎপরতার বিবরণ, যা তিনি এনক্রিপ্ট করা বার্তার মাধ্যমে ইথিওপীয় কর্মকর্তাদের কাছে পাঠাতেন। এফবিআই জানিয়েছে, ইথিওপীয় কর্মকর্তারা পরবর্তীকালে লেমার দেওয়া গোয়েন্দা তথ্য সামরিক অভিযানে ব্যবহার করেছেন।
জাতীয় নিরাপত্তাবিষয়ক মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ বলেছেন, লেমা অসাধারণ মাত্রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আদালতের কাগজপত্র অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে এক ইথিওপীয় কর্মকর্তাকে পাঠানো বার্তায় লেমা লিখেছিলেন, ‘এই লোকগুলোকে চিরতরে শেষ করে দিতে হবে, নইলে ইথিওপিয়ায় কখনো শান্তি আসবে না।’ একই দিন পরে তিনি আরও গোয়েন্দা তথ্য পাঠিয়ে ওই কর্মকর্তাকে ড্রোন পাঠানোর আহ্বান জানান।
লেমাকে ২০২৩ সালের আগস্টে মেরিল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় অভিযোগ তোলা হয়, তিনি গোয়েন্দা প্রতিবেদন থেকে নিরাপত্তা চিহ্ন মুছে ফেলে এক বিদেশি গোয়েন্দা কর্মকর্তার কাছে তথ্য পাঠিয়েছিলেন। এক বিনিময়ে ওই কর্মকর্তা তাঁকে সহায়তা চালিয়ে যেতে বললে লেমা জবাব দেন, ‘রজার দ্যাট!’
২০২২ সালের নভেম্বরে একটি শান্তিচুক্তি সইয়ের মাধ্যমে গৃহযুদ্ধের অবসান ঘটলেও সেপ্টেম্বরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত না মানার অভিযোগ তোলার পর আবার লড়াই শুরু হয়েছে। বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য ইথিওপীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।




