নওগাঁর বদলগাছীতে কেশাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারী আব্দুল হান্নান নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল হান্নান (৪১) নামের এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। বুধবার ৪ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে রওনা দেন আব্দুল হান্নান।
কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছলে তিনি বিপরীত দিক থেকে আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি পড়েন।
সেই মুহূর্তে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে বালু লোড করা হচ্ছিল। হঠাৎ সামনে চলে আসা পাথরবাহী ট্রাকের কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে হান্নানের মোটরসাইকেলটি প্রথমে দাঁড়িয়ে থাকা ওই ট্রাক্টরের পেছনের অংশে সজোরে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান।
ছিটকে পড়ার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকটির পেছনের চাকার নিচে তিনি পিষ্ট হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও অবৈধ যানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




