ভুটানকে হারিয়ে হামজাকে স্বাগত জানাতে চায় বাংলাদেশ, সাফের উদ্বোধনী ম্যাচ বৃহস্পতিবার

দীর্ঘ ২৩ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্ন নিয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভুটানের মুখোমুখি হবে স্বাগতিকরা। আর সেই ম্যাচে জয় তুলে নিয়ে দলের অন্যতম বড় তারকা হামজা চৌধুরীকে স্বাগত জানাতে চান অধিনায়ক তপু বর্মণ।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজেদের প্রত্যাশা ও প্রস্তুতির কথা জানান বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি ও অধিনায়ক তপু বর্মণ।
কোচ থমাস ডুলি বিশ্বাস করেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এবার শিরোপা জেতা বাংলাদেশের জন্য অসম্ভব নয়।
সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়ার পরিবর্তে তপু বর্মণের উপস্থিতি নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে ডুলি জানান, তার অধীনে ইতালিতে প্রীতি ম্যাচে তপু ও জামাল দুজনই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তাই তপুর অধিনায়কত্বে নতুনত্ব দেখছেন না তিনি।
কেন তপুকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে, তার ব্যাখ্যায় ডুলি বলেন, দলের রক্ষণভাগকে সংগঠিত রাখা এবং মাঠে সতীর্থদের নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে একজন সেন্টারব্যাকের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। তপু দলের একজন নেতা এবং সতীর্থদের কাছেও সম্মানিত। তবে অধিনায়কত্বের আর্মব্যান্ডই নেতৃত্বের একমাত্র পরিচয় নয় বলেও মনে করেন এই কোচ। তার মতে, হামজা চৌধুরীর মতো খেলোয়াড়ও আর্মব্যান্ড ছাড়াই মাঠে নেতৃত্ব দিতে পারেন।
সংবাদ সম্মেলনে ২৩ বছরের শিরোপাখরা নিয়েও কথা বলেন ডুলি। ২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের সামনে এবার ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের সুযোগ। কোচের মতে, দীর্ঘ অপেক্ষা যেমন চাপ তৈরি করছে, তেমনি এবারের প্রস্তুতি ও দলের আত্মবিশ্বাস সেই চাপ মোকাবিলায় সহায়তা করবে।
ডুলি বলেন, ‘আমরা যে প্রস্তুতি নিয়েছি, তাতে ভালো করার আত্মবিশ্বাস রয়েছে। আমরা এই টুর্নামেন্ট জিততে চাই। প্রতিপক্ষের বিপক্ষে প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই করব। ফুটবল খেলব এবং ম্যাচ জেতার চেষ্টা করব।’
স্বাগতিক হিসেবে বাংলাদেশকে ফেভারিট বিবেচনা করা হচ্ছে। দর্শকদের প্রত্যাশা, ফেডারেশনের লক্ষ্য এবং গণমাধ্যমের আলোচনা, সব মিলিয়ে বাড়তি চাপও রয়েছে দলের ওপর। তবে এই চাপকে ইতিবাচকভাবে দেখছেন ডুলি। তার বিশ্বাস, ঘরের মাঠে প্রায় ২৫ হাজার দর্শকের সমর্থন খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগাবে।
এদিকে অধিনায়ক তপু বর্মণের কণ্ঠেও আত্মবিশ্বাসের সুর। প্রথম ম্যাচকে টুর্নামেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। দেশের মানুষকে ভালো ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি দলের আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখাতে চান তাঁরা।
তবে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে থাকছেন না দলের অন্যতম বড় তারকা হামজা চৌধুরী। ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে ৯ নভেম্বর জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ফলে ভুটানের বিপক্ষে ম্যাচে হামজাকে মিস করার কথা স্বীকার করেছেন তপু।
তবে হামজার অনুপস্থিতিকে অজুহাত হিসেবে দেখতে চান না বাংলাদেশ অধিনায়ক। বরং জয় দিয়েই তাকে স্বাগত জানানোর পরিকল্পনা দলের। তপু বলেন, ‘তার মতো নেতৃত্ব আমাদের দলে খুবই প্রয়োজন। সে যেভাবে আমাদের গাইড করে, সেটা বিশেষ কিছু। আমরা জানতাম, শিডিউলের কারণে প্রথম ম্যাচে তাকে পাব না। তাই আমাদের করণীয় হলো পথটা তার জন্য সহজ করে দেওয়া। আর সেটা হলো ফলাফল। আমরা ভুটানের বিপক্ষে জিততে চাই, যেন সে এসে ভালো ও প্রফুল্ল মনোবল নিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারে।’
এবারের টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ দক্ষিণ এশিয়ার ফুটবলের ১৫তম আসর। আট বছর পর বাংলাদেশে ফিরেছে এই প্রতিযোগিতা। সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ। এবারের আসরে ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়ছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর শেষ চারের লড়াই এবং ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সব ম্যাচের ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম।
বাংলাদেশের সামনে তাই শুরু থেকেই ভুলের সুযোগ কম। ভুটানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নামতে চায় দল। এরপর হামজার যোগ দেওয়ার মধ্য দিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে শিরোপার পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।




