সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
সংঘর্ষটি চলে প্রায় দুই ঘণ্টা ধরে। এ সময় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাও গ্রামের লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।
ওসি বলেন, বুধবার সকালে উভয় গ্রামের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি কামাল হোসেন জানান।
সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।




