…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

সব অপারেটরের গ্রাহকের জন্য ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক

দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত করতে ‘মুক্ত পে’ নামের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা টাকা পাঠানো, বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ এবং যেকোনো মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করতে পারবেন।

‘মুক্ত’ শব্দের অর্থ স্বাধীন। সেই ভাবনা থেকেই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে, যাতে দৈনন্দিন লেনদেনে বাড়তি সময়, কষ্ট ও খরচের ঝামেলা থেকে গ্রাহকেরা মুক্তি পান বলে বাংলালিংক জানিয়েছে।

গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে যেকোনো অপারেটরের গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। আর বাংলালিংক গ্রাহকেরা ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ মোবাইল ফোন থেকে *৫২৫# ডায়াল করে সেবাটি নিতে পারবেন।

‘মুক্ত পে’ দিয়ে টাকা পাঠানোর পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং সব অপারেটরের নম্বরে মোবাইল রিচার্জ করা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড থেকে ওয়ালেটে টাকা যোগ করার সুবিধার পাশাপাশি বাংলালিংকের সব সেবা ব্যবহারের সুযোগও থাকছে অ্যাপে।

উদ্বোধনী অফারের অংশ হিসেবে ওয়ালেট থেকে ওয়ালেটে টাকা পাঠানো এবং বিল পরিশোধে প্রথম তিন মাস কোনো চার্জ নেওয়া হবে না। এছাড়া বাংলালিংক নম্বরে প্রথম তিনবার রিচার্জে বোনাস পাবেন গ্রাহকেরা।

প্ল্যাটফর্মটি চালু প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, ‘মুক্ত পে’র মাধ্যমে সংযোগ সেবার বাইরেও গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলালিংক। তাঁর ভাষ্য, স্মার্টফোন হোক বা সাধারণ মোবাইল ফোন, এই সেবার মাধ্যমে ব্যক্তি, মার্চেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠান সহজেই ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন, বিশেষ করে যেসব জনগোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ী এখনো ডিজিটাল আর্থিক সেবার আওতার বাইরে রয়েছেন।

ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ‘মুক্ত পে’র আলাদা মার্চেন্ট অ্যাপ রয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা একটি ড্যাশবোর্ড থেকেই নিবন্ধন, গ্রাহকের কাছ থেকে পেমেন্ট গ্রহণ এবং লেনদেনের সব হিসাব দেখতে পারবেন। এছাড়া ‘মুক্ত পে’তে জাতীয় কিউআর পেমেন্ট সিস্টেম ‘বাংলা কিউআর’ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে; এটি যুক্ত হলে গ্রাহকেরা বাংলা কিউআর-সমর্থিত বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানে ‘মুক্ত পে’ দিয়ে লেনদেন করতে পারবেন।

বাংলালিংকের চিফ ফিনটেক অফিসার দিমিত্রি কাশতানভ বলেন, এত দিন সংযোগ সেবার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ছিল বাংলালিংক; ‘মুক্ত পে’র মাধ্যমে এখন তাদের আর্থিক লেনদেনের সঙ্গেও যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। লক্ষ্য, প্রতিদিনের লেনদেন যেন আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য হয়।

‘মুক্ত পে’র প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম জাকারিয়া বলেন, শুরু থেকে তাদের লক্ষ্য ছিল, প্রথম লেনদেন থেকেই সেবাটি যেন দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য হয় এবং সব মোবাইল অপারেটরের গ্রাহকেরা যাতে এটি ব্যবহার করতে পারেন, সেটিও নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশে বর্তমানে বাংলালিংকের গ্রাহকসংখ্যা প্রায় ৪ কোটি। ‘মুক্ত পে’ চালুর বিষয়টি বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের বৃহত্তর পরিকল্পনার সঙ্গে যুক্ত; এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে ২৫ কোটি মার্কিন ডলার প্রাথমিক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভিওন। পাকিস্তান, কাজাখস্তান ও উজবেকিস্তান—এই তিন দেশ মিলিয়ে ভিওনের আর্থিক সেবা প্ল্যাটফর্মগুলোর গ্রাহকসংখ্যা ৫ কোটি ৯০ লাখ।

প্রযুক্তি বিভাগের আরও খবর

বড় পুনর্গঠনে ক্যানভা: ছাঁটাই ও স্থানান্তরের মুখে বৈশ্বিক কর্মীর ২২ শতাংশ
প্রযুক্তি

বড় পুনর্গঠনে ক্যানভা: ছাঁটাই ও স্থানান্তরের মুখে বৈশ্বিক কর্মীর ২২ শতাংশ

অস্ট্রেলীয় প্রতিষ্ঠান ক্যানভা বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে ১ হাজার ২০০ জনের বেশি কর্মীর চাকরি ছাঁটাই করছে বা তাঁদের স্থানান্তর করছে, যা প্রতিষ্ঠান…

‘এআই তৈরি না হলেই হয়তো ভালো হতো’—বিদ্যুৎ বা আর্থিক ব্যবস্থা ধসের ঝুঁকি নিয়ে সতর্ক করলেন জেফ্রি হিন্টন
প্রযুক্তি

‘এআই তৈরি না হলেই হয়তো ভালো হতো’—বিদ্যুৎ বা আর্থিক ব্যবস্থা ধসের ঝুঁকি নিয়ে সতর্ক করলেন জেফ্রি হিন্টন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ‘গডফাদার’ হিসেবে পরিচিত নোবেলজয়ী বিজ্ঞানী জেফ্রি হিন্টন বলেছেন, শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে এই প্রযুক্তি তৈরি না হলেই মানু…

প্রযুক্তি

নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুবিধা চালু করল জেমিনাই

নিজের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি ও ভিডিও তৈরির সুযোগ চালু করেছে জেমিনাই। জেমিনাই অ্যাপের নতুন ‘পারসোনাল অ্যাভাট…

তিন মাসের চুক্তিতে এক যুগ অস্থায়ী: স্থায়ীকরণের দাবিতে শ্রম আদালতে বাংলালিংকের ৯৯ কর্মী
প্রযুক্তি

তিন মাসের চুক্তিতে এক যুগ অস্থায়ী: স্থায়ীকরণের দাবিতে শ্রম আদালতে বাংলালিংকের ৯৯ কর্মী

তিন মাসের চুক্তিতে নিয়োগ দিয়ে বছরের পর বছর কাজ করানো হলেও স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়নি—দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিট…