লন্ডনে সুপ্রিম কোর্টের সামনে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকদের গ্রেপ্তার, আটক ২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সুপ্রিম কোর্টের বাইরে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকদের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) ব্রিটিশ সরকারের এই গোষ্ঠীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আইনি লড়াই আবার শুরু হওয়ার দিনে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।
প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা ফুটপাতে শুয়ে আছেন। পুলিশ সদস্যদের দল তাদের তুলে অপেক্ষমাণ পুলিশ ভ্যানের দিকে নিয়ে যাচ্ছে, অন্যরা তখনো প্ল্যাকার্ড ধরে রেখেছেন।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদ আইনের অধীনে নিষিদ্ধ সংগঠনকে সমর্থনের সন্দেহে ২৫ জনকে আটক করা হয়েছে। আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
এই আইনি চ্যালেঞ্জটি করেছেন প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি। গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার সিদ্ধান্ত বাতিল চেয়ে তিনি এই চ্যালেঞ্জ করেছেন।
আদালতে শুনানিতে বলা হয়েছে, নিষিদ্ধ ৯৮টি গোষ্ঠীর মধ্যে প্যালেস্টাইন অ্যাকশনই প্রথম, যেটিকে মানুষের বিরুদ্ধে সহিংসতার পক্ষে অবস্থান নেওয়ার বদলে শুধু গুরুতর সম্পত্তি ক্ষতির কারণে নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে এর আওতায় ৪ হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৩১ অক্টোবর মার্কিন দূতাবাসের বাইরে ৩২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
আপিল সফল হলে নিষেধাজ্ঞা সংক্রান্ত অভিযোগগুলো প্রভাবিত হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।



