ঢাকায় জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ, রিকশায় এসে পালাল দুর্বৃত্তরা

রাজধানীর শেরেবাংলা নগরে (সাবেক গণভবন) জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, রাত ১১টার পরে দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান উপপুলিশ কমিশনার ইবনে মিজান।
এর আগে গত ১৪ অক্টোবর শেরেবাংলা নগর এলাকার জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। সেগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।
১৪ অক্টোবরের ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। তাঁর শরীরে স্প্লিন্টারের আঘাত লাগে।
আহত শাহীনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।



