টলেডোর কাছে ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহতের পর পদত্যাগ স্পেনের রেল অবকাঠামো সংস্থার প্রধানের
স্পেনের রেল অবকাঠামো সংস্থা আদিফের প্রেসিডেন্ট লুইস পেদ্রো মার্কো দে লা পেনিয়া নতুন পরিবহনমন্ত্রী কার্লোস কুয়েরপোর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আদিফ স্পেনের রেল অবকাঠামো, সিগন্যালিং ও যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে। গত সপ্তাহে টলেডোর উরদার কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার পর সংস্থাটি তীব্র তদন্ত ও সমালোচনার মুখে পড়েছে।
পদত্যাগের খবরটি প্রথম স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পরে স্পেন সরকারের এক কর্মকর্তা একটি খুদে বার্তায় তা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এটি এই বিপর্যয়ের সঙ্গে যুক্ত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় পদত্যাগ। এর আগে মঙ্গলবার রাতে সাবেক পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে পদ ছেড়েছেন।
পুয়েন্তে কংগ্রেসের পার্মানেন্ট ডেপুটেশনের সামনে দীর্ঘ শুনানির পর পদত্যাগ করেন। ওই শুনানিতে মিত্র ও বিরোধী—উভয় পক্ষই তাঁকে পদ ছাড়তে আহ্বান জানিয়েছিল।
পুয়েন্তের পদত্যাগের পর মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া কার্লোস কুয়েরপোর প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আদিফ প্রধানের এই পদত্যাগকে দেখা হচ্ছে।
উরদার দুর্ঘটনাটি ছিল এ বছর স্পেনের দ্বিতীয় প্রাণঘাতী রেল দুর্ঘটনা। জানুয়ারিতে আদামুজের কাছে আরেকটি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।
বুধবারের শুরুর দিকে কুয়েরপো মার্কো দে লা পেনিয়া, রেনফে প্রেসিডেন্ট আলভারো ফের্নান্দেজ হেরেদিয়া এবং পরিবহন প্রতিমন্ত্রী হোসে আন্তোনিও সান্তানোর সঙ্গে বৈঠক করেছিলেন।
অথচ মাত্র এক দিন আগেই সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, মার্কো দে লা পেনিয়াকে সরানোর কোনো পরিকল্পনা নেই এবং পুয়েন্তের পদত্যাগের গুঞ্জনও তিনি উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই পুয়েন্তে পদ ছাড়েন।
প্রতিবেদনে বলা হয়েছে, পুয়েন্তে মঙ্গলবার সন্ধ্যায় পদত্যাগের আগ পর্যন্ত জোর দিয়ে বলছিলেন তিনি পদ ছাড়বেন না।




