সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়ার, পুনর্গঠনে ৪০ কোটি ডলারের বেশি ঋণ দিচ্ছে রিয়াদ

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সিরিয়া। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে সৌদি আরব যখন নিজেদের নিরাপত্তা জোরদারে তৎপর, তখন দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলো।
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদ সফর করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সফরে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি। এক মাসের মধ্যে দুই নেতার এটি দ্বিতীয় বৈঠক।
ওই বৈঠকেই দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে চুক্তির আওতায় কী ধরনের সামরিক সহযোগিতা করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব ও সিরিয়ার মধ্যে সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।
এর আগে সিরিয়ার এক কূটনীতিক জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা কিংবা অভিজ্ঞতা বিনিময়ের যেকোনো উদ্যোগ সরকারি চুক্তির মাধ্যমেই বাস্তবায়ন করা হবে।
প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সিরিয়ার পুনর্গঠন ও অভ্যন্তরীণ উন্নয়নেও সহায়তা দিচ্ছে সৌদি আরব। দেশটির উন্নয়ন কার্যক্রম জোরদারে ৪০ কোটি ডলারের বেশি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।
উল্লেখ্য, ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সম্পর্ক পুনর্গঠনে সহায়তা করে আসছে সৌদি আরব।



