…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪.২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ, তীব্র পর্যায়ে প্রতি তিনজনে একজন: গবেষণা

নিজস্ব প্রতিবেদক

দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের প্রতি চারজনের মধ্যে প্রায় তিনজনের বিষণ্নতার লক্ষণ রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার বিভিন্ন মাত্রার লক্ষণ দেখা গেছে। এর মধ্যে ৩৩ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী তীব্র ও অত্যন্ত তীব্র বিষণ্নতার পর্যায়ে রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার এই তথ্য তুলে ধরা হয়। মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ‘বন্ধু’ এবং যুব উন্নয়ন ও নীতিবিষয়ক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংক’ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

গবেষণার প্রতিবেদন উপস্থাপন করেন গবেষক ও নীতিবিশ্লেষক মাহাদী-উল-মোর্শেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংকের সাধারণ সম্পাদক শেখ রিফাদ মাহমুদ। প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা শেষে সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংকের পরিচালক কাজী সাদ্দাম হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম।

‘সোসিও-ডেমোগ্রাফিক প্রেডিক্টরস অফ ডিপ্রেশন এমং ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন বাংলাদেশ: এভিডেন্স ফ্রম রিগ্রেশন মডেলিং’ শীর্ষক গবেষণাটি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কলেজের ১৮ থেকে ২৬ বছর বয়সী ৪২২ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীর ওপর পরিচালিত হয়। বিষণ্নতার লক্ষণ পরিমাপে গবেষকেরা ডিএএসএস-২১-এর বাংলা বিষণ্নতা উপ-স্কেল ব্যবহার করেন।

প্রতিবেদনে বলা হয়, অংশগ্রহণকারীদের মধ্যে ১২ দশমিক ৩ শতাংশের বিষণ্নতার লক্ষণ মৃদু, ২৮ দশমিক ৭ শতাংশের মাঝারি, ১২ দশমিক ৩ শতাংশের তীব্র এবং ২০ দশমিক ৯ শতাংশের অত্যন্ত তীব্র পর্যায়ে ছিল।

গবেষণায় পারিবারিক সম্পর্কের অবনতি, আত্মহত্যার চিন্তা, অনিয়মিত ঘুম ও খাদ্যাভ্যাস, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং ক্যাম্পাসে নিরাপত্তাহীনতাকে বিষণ্নতার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জরিপে অংশ নেওয়া ২৯ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী জানান, তারা নিয়মিত পড়াশোনার জন্য দিনে এক ঘণ্টাও সময় দেন না। দিনে পাঁচ ঘণ্টার বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন ৫৪ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী। আর ঘুম থেকে ওঠার আধা ঘণ্টার মধ্যে মুঠোফোন দেখেন ৮৭ দশমিক ৪ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। অন্যদিকে ২২ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন বলে মনে করলেও তা নিতে পারছেন না।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ও গোপনীয় মানসিক স্বাস্থ্যকেন্দ্র চালু, সহজে পাওয়া যায় এমন পেশাদার কাউন্সেলিং সেবা নিশ্চিত করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে গবেষণা দল। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন ও যাতায়াতব্যবস্থা উন্নত করা এবং দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় রাখতে প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।

আলোচনায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি শিক্ষা, জনস্বাস্থ্য ও সামাজিক নীতির সঙ্গে জড়িত জাতীয় গুরুত্বের বিষয়। শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে তাঁরা মত দেন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

দুই বছর ধরে স্থায়ী চেয়ারম্যান নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে

আইনি জটিলতা, যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে দীর্ঘসূত্রতা এবং অন্য শিক্ষকদের অনিচ্ছার কারণে দীর্ঘ দুই বছর ধরে স্থায়ী চেয়ারম্যান ছাড়াই চলছে ঢাকা বিশ্ব…

ডিসেম্বরে হতে পারে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রথমবার সরাসরি নিয়োগ দেবে এনটিআরসিএ
শিক্ষা

ডিসেম্বরে হতে পারে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রথমবার সরাসরি নিয়োগ দেবে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও…

শিক্ষা

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়ায় ১৩৬তম

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর…

প্রাথমিকে যুক্ত হচ্ছে ‘ক্রীড়া’ ও ‘সাংস্কৃতি’, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে চালু: হবিগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষা

প্রাথমিকে যুক্ত হচ্ছে ‘ক্রীড়া’ ও ‘সাংস্কৃতি’, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে চালু: হবিগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষায় নতুন করে ‘ক্রীড়া’ ও ‘সাংস্কৃতি’ নামে দুটি বিষয় যুক্ত হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে এই দুটি বিষয় চালু করা হবে বলে জ…