স্নাতকদের ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক কাজে, আয় ৪৫ থেকে ৮৪ শতাংশ কম: বিশ্বব্যাংক

বাংলাদেশে স্নাতক বা তার চেয়ে বেশি শিক্ষিত ব্যক্তিদের ৬০ শতাংশের অধিক এখন অনানুষ্ঠানিক কাজে যুক্ত রয়েছেন। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, অনানুষ্ঠানিক খাতে কাজ করা এই শিক্ষিত কর্মীদের আয় আনুষ্ঠানিক খাতের কর্মীদের তুলনায় ৪৫ থেকে ৮৪ শতাংশ কম।
প্রতিবেদনটির শিরোনাম ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’। এতে বাংলাদেশের শিক্ষিত বেকার ও কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আনুষ্ঠানিক খাতে চাকরি বৃদ্ধির গতি মন্থর। দেশের মোট কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। এই খাতে চাকরির নিরাপত্তা, উপযুক্ত মজুরি এবং শ্রম অধিকারের কোনো নিশ্চয়তা নেই বলে প্রতিবেদনের বর্ণনায় উল্লেখ রয়েছে।
উচ্চশিক্ষিত ব্যক্তিদের বড় অংশ যোগ্যতা অনুযায়ী কাজ না পেয়ে অনানুষ্ঠানিক খাতে কম আয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ২০৪৫ সালেই বাংলাদেশে কর্মক্ষম মানুষের অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর দেশ দ্রুত প্রবীণ সমাজের দিকে ধাবিত হবে।
এই প্রেক্ষাপটে প্রতিবেদনে বলা হয়েছে, সংকট মোকাবিলায় কালক্ষেপণ না করে রাষ্ট্রকে এখনই সুদূরপ্রসারী উদ্যোগ নিতে হবে।




