ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানোরমা’য় জায়গা পেল ‘চিরকুট’, প্রথম ছবিতেই মুনতাসির আকিবের সাফল্য

প্রথম চলচ্চিত্র নির্মাণ করেই সাফল্য পেয়েছেন তরুণ পরিচালক মুনতাসির আকিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা অবলম্বনে তিনি নির্মাণ করেছেন ‘চিরকুট’ সিনেমা। ছবিটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে জায়গা করে নিয়েছে।
সিনেমাটিতে নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প তুলে ধরেছেন নির্মাতারা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘চিরকুট’। মুক্তির পর থেকে এর বাস্তবধর্মী গল্প ও নির্মাণশৈলী দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। বাণিজ্যিক ও সমালোচকমহল থেকে প্রশংসিত হওয়ার পর দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই অফিশিয়াল সিলেকশন টিম চিরকুটের আনন্দ অনেক বাড়িয়ে দিয়েছে।
বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বাস্তব জীবনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শ্যামল মাওলা এবং নবাগতা আজিজুন মিম।
ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রেই এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত পরিচালক মুনতাসির আকিব। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনাকে পর্দায় সঠিকভাবে তুলে ধরাই ছিল তাঁদের মূল লক্ষ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে সিনেমাটি প্রদর্শিত হতে যাওয়া পুরো টিমের কঠোর পরিশ্রমের বড় এক প্রাপ্তি।



