ক্যারিয়ারসেরা ৫২ পয়েন্ট ও ২৪ রিবাউন্ডে ওয়েম্বানিয়ামার স্পার্সের রোমাঞ্চকর জয়
এনবিএতে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন ভিক্টর ওয়েম্বানিয়ামা। ৫২ পয়েন্টের পাশাপাশি ক্যারিয়ারসেরা ২৪ রিবাউন্ড তুলে নিয়ে স্বাগতিক স্যান আন্তোনিও স্পার্সকে ডালাস ম্যাভেরিকসের বিপক্ষে ১১২-১১১ ব্যবধানের জয় এনে দিয়েছেন তিনি। এটি স্পার্সের টানা ষষ্ঠ জয়।
বুধবারের এই ম্যাচে ম্যাচের ২৪ দশমিক ২ সেকেন্ড বাকি থাকতে জয়সূচক ফ্রি থ্রোটি করেন ওয়েম্বানিয়ামা। সেই ফ্রি থ্রোতেই ১১১-১১১ সমতা ভেঙে এগিয়ে যায় স্পার্স।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে ১৯ পয়েন্টে এগিয়ে ছিল স্পার্স। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় ডালাস। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট ১৭ সেকেন্ড বাকি থাকতে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনে তারা। এরপর খেলা শেষের ৫ মিনিট ৩৮ সেকেন্ড বাকি থাকতে পিজে ওয়াশিংটনের থ্রি-পয়েন্টারে ১০৩-১০০ ব্যবধানে এগিয়ে যায় ম্যাভেরিকস।
এরপর লিড বারবার হাতবদল হতে থাকে। শেষের ১ মিনিট ৪১ সেকেন্ড বাকি থাকতে নাজি মার্শালের থ্রি-পয়েন্টারে স্কোর ১১১-১১১ করে ফেলে ডালাস। সেখান থেকে ওয়েম্বানিয়ামার ফ্রি থ্রো স্পার্সকে আবার এগিয়ে দেয়।
শেষ সুযোগে টাইমআউট নিয়ে আক্রমণ সাজায় ম্যাভেরিকস। কিন্তু ২ দশমিক ৫ সেকেন্ড বাকি থাকতে কাইরি আরভিংয়ের কঠিন টার্নঅ্যারাউন্ড জাম্পার লক্ষ্যে পৌঁছায়নি। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় স্পার্সের।
ওয়েম্বানিয়ামা এই জয়ে আটটি শটও ব্লক করেছেন। স্পার্সের হয়ে ডিলান হারপার করেছেন ২১ পয়েন্ট, স্টেফন ক্যাসল ১৭ পয়েন্ট এবং ডি’অ্যারন ফক্স ১০ পয়েন্ট।
ডালাসের হয়ে সবচেয়ে বেশি ২৯ পয়েন্ট করেছেন কাইরি আরভিং। বদলি হিসেবে নেমে নাজি মার্শাল করেছেন ২২ পয়েন্ট। পিজে ওয়াশিংটন ২১ পয়েন্টের সঙ্গে ১০ রিবাউন্ড এবং কুপার ফ্ল্যাগ ১৯ পয়েন্টের সঙ্গে ১০ রিবাউন্ড তুলে নেন। এই হারে টানা দুই ম্যাচ হারল ম্যাভেরিকস।
গত ৩০ মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো একটি অর্ধে অন্তত ২৫ পয়েন্ট, ১০ রিবাউন্ড ও পাঁচটি ব্লক করার কীর্তি গড়েছেন ওয়েম্বানিয়ামা। মাত্র ১৬ মিনিট ৩৭ সেকেন্ড খেলেই এই সংখ্যাগুলো ছুঁয়েছেন তিনি এবং ১৫টি ফ্রি থ্রোর সবকটিতেই সফল হয়েছেন।
বিরতির আগেই হারপার স্পার্সের হয়ে ১৩ পয়েন্ট যোগ করেছিলেন। অপর দিকে বিরতিতে ম্যাভেরিকসের হয়ে আরভিংয়ের ছিল ১৭ পয়েন্ট এবং ওয়াশিংটনের ১৩ পয়েন্ট।



