জর্ডানের রাজধানী আম্মানে ছুরিকাঘাতে নিরাপত্তা কর্মকর্তা নিহত, হামলাকারী গ্রেপ্তার
জর্ডানের রাজধানী আম্মানে ছুরিকাঘাতের এক হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরেক নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।
জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের শিকার হয়ে ওই কর্মকর্তা মারা গেছেন। অধিদপ্তর ঘটনাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত আল-মামলাকা টিভির খবরে বলা হয়েছে, নিহত কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল হামলাকারী। তাকে থামাতে এগিয়ে আসেন দ্বিতীয় নিরাপত্তা কর্মকর্তা। এতে হামলাকারী ও দ্বিতীয় কর্মকর্তা দুজনই আহত হন।
আল-মামলাকা জানিয়েছে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জননিরাপত্তা অধিদপ্তর বলেছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে হামলাকারী জননিরাপত্তা অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।
আম্মানে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হামলার পর আহত নিরাপত্তা কর্মকর্তাকে আহত হামলাকারীর সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ঘটনার পরিস্থিতি তদন্ত শুরু করেছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর অনুযায়ী, আম্মানে শ্রীলঙ্কা দূতাবাস জানিয়েছে, হামলাটি ঘটেছে দূতাবাসের কাছাকাছি এলাকায়।
কয়েক সপ্তাহ আগে জর্ডানের দক্ষিণে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত ও আরও অনেকে আহত হয়েছিলেন। বৃহস্পতিবারের ছুরিকাঘাতের সঙ্গে ওই গির্জা হামলার সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
গির্জায় হামলার পর সোমবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছিলেন, ‘সন্ত্রাসীদের’ দেশের ঐক্য ও নিরাপত্তা হুমকির মুখে ফেলতে দেওয়া হবে না। ওই হামলার পর জর্ডান সিরিয়ায় হামলা চালিয়েছিল।




