চট্টগ্রামে করপোরেট ফুটসালে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ, ফাইনালে ক্লিফটন হারল ২-১ গোলে
চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেল-সংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে ক্লিফটন গ্রুপকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক এশিয়ান গ্রুপ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনালে এশিয়ান গ্রুপের হয়ে জোড়া গোল করেন তুষার। এই পারফরম্যান্সের জন্য ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় একই মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, সুস্থ দেহ ও মনের বিকাশ এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়ার প্রতি অনেক আন্তরিক। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন। সরকারের পাশাপাশি সামাজিকভাবেও ক্রীড়ার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত কাজের বাইরে গিয়ে খেলাধুলার এমন মেলবন্ধন অত্যন্ত প্রশংসনীয়। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, সুস্থ দেহ ও মনের বিকাশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।
এশিয়ান গ্রুপ চট্টগ্রামে যে ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছে, তা অনুকরণীয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, বিজিএমইএর পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী এবং এনামুল আজিম চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খন্দকার বেলায়েত হোসেন।
টুর্নামেন্টের মূল পরিকল্পনাকারী ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ব্যস্ত করপোরেট জীবনের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই প্রতিবছর এই আয়োজন করা হয়। ব্যবসার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের নতুন ক্ষেত্র তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য।
এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এক ছাদের নিচে এনে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করেছে এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগ। প্রতিটি আসরেই আয়োজনে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করা হচ্ছে।
এবারের টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। গত ৩০ অক্টোবর বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতাটি।




