খাগড়াছড়ির কলাবাগানে আগুনে পুড়ল নয় ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি কয়েক কোটি টাকা

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে আগুনে পুড়ে গেছে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় তিন ঘণ্টা কাজ করতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
মুকুল কুমার নাথ বলেন, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।
তিনি আরও বলেন, দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে কাঠের দোকান ও ফার্নিচার কারখানাসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি অটোরিকশা পুড়ে যায়।
আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।




