ম্যাকাওয়ের প্রথম জাতীয় নিরাপত্তা মামলায় সাবেক আইনপ্রণেতা আউ কাম সানকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড

ম্যাকাওয়ের প্রথম জাতীয় নিরাপত্তা মামলায় সাবেক আইনপ্রণেতা ও গণতন্ত্রপন্থী কর্মী আউ কাম সানকে ১২ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬৯ বছর বয়সী আউ শুক্রবার রুদ্ধদ্বার বিচারে ‘রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা’সহ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হন।
আউয়ের স্ত্রী ভার্জিনিয়া চেয়াং এই রায়ের নিন্দা জানিয়ে একে আউকে অপমান করার জন্য সাজানো ভিত্তিহীন নির্যাতন বলে অভিহিত করেছেন। শুক্রবার দেওয়া এক খোলা চিঠিতে তিনি বলেন, কর্তৃপক্ষ যেন তাঁকে ও পরিবারকে নিয়মিত চিঠি লেখা ও কারাগারে আউয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেয়, সেই আশা তিনি করছেন। তিনি আরও বলেন, এর বেশি কিছু আশা করার সাহস তাঁর নেই, কারণ তাতে হতাশা আরও বাড়বে বলেই তিনি মনে করেন।
আউকে ২০২৫ সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষমতা ধ্বংসের তিনটি, বিদেশি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার তিনটি এবং গোপনীয়তা ভঙ্গের একটি—মোট সাতটি অভিযোগ আনা হয়। সেপ্টেম্বরে শেষ হওয়া তিন দিনের বিচারের পর সাতটি অভিযোগের মধ্যে চারটিতে তিনি দোষী সাব্যস্ত হন।
অভিযোগপক্ষের দাবি, আউ দীর্ঘ সময় ধরে ‘বহিরাগত প্রতিকূল সংগঠন’গুলোকে সহায়তা ও তাদের সঙ্গে সহযোগিতা করেছেন। তাঁর বিরুদ্ধে এমন তথ্য সংগ্রহ, প্রস্তুত ও ছড়ানোর অভিযোগ আনা হয়, যা অভিযোগপক্ষের ভাষায় রাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক রাজনৈতিক দাবিতে ভরপুর ছিল।
জাতীয় নিরাপত্তার স্বার্থে যেন কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে বিচারক বিচার রুদ্ধদ্বার করার আদেশ দেন। ম্যাকাওয়ের কর্তৃপক্ষ মামলাটির বিস্তারিত কখনো প্রকাশ্যে জানায়নি। আউয়ের পরিবার এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিল, আউকে নিজের পছন্দের আইনজীবী নেওয়ার সুযোগ দেওয়া হয়নি; আদালতই তাঁর জন্য আইনজীবী নিয়োগ দিয়েছিল।
১৯৯৯ সালে ম্যাকাও চীনের কাছে হস্তান্তরিত হয়, যার মধ্য দিয়ে সেখানে চারশ বছরের বেশি সময়ের পর্তুগিজ প্রশাসনের অবসান ঘটে। শহরটির জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় ২০০৯ সালে; এতে রাষ্ট্রদ্রোহ, বিচ্ছিন্নতা এবং চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। ২০২৩ সালে আইনটি সংশোধন করে অহিংস বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডও এর আওতায় আনা হয়, আর এ বছর আবার সংশোধন করে রুদ্ধদ্বার বিচারের সুযোগ যুক্ত করা হয়।
আউ আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০০১ সালের সেপ্টেম্বরে তিনি আইন পরিষদে নির্বাচিত হন এবং ২০ বছর ধরে দায়িত্ব পালন করেন। বেইজিংপন্থী অনুগতদের সংখ্যাগরিষ্ঠ আইনসভায় তিনি ছিলেন হাতেগোনা কয়েকজন গণতন্ত্রপন্থী আইনপ্রণেতার একজন।
আউ বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে ১৯৮৯ সালের দমন অভিযানের স্মরণে ম্যাকাওয়ে বার্ষিক মোমবাতি প্রজ্বলন কর্মসূচির সহ-আয়োজক ছিলেন। ম্যাকাও ও হংকংয়ের মতো জায়গায় এসব কর্মসূচি আগে সহ্য করা হলেও ২০২০ সালে চীন হংকংয়ে ব্যাপক জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার পর দুই শহরেই তা কার্যত নিষিদ্ধ হয়ে যায়।
আউয়ের কারাদণ্ডের ঘোষণা এল এমন সময়ে, যখন এর আগের দিনই হংকং সেখানকার এখন দমিত গণতন্ত্র আন্দোলনের পরিচিত মুখ জশুয়া ওংকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। ৩০ বছর বয়সী ওং কিশোর বয়স থেকেই সক্রিয়তায় যুক্ত এবং গত ছয় বছর ধরে তিনি হেফাজতে রয়েছেন।


