টাঙ্গাইলের বাবুপুরে চাঁদা তুলে ৬০ শতাংশ জমি কিনলেন গ্রামবাসী, পেলেন স্থায়ী খেলার মাঠ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামের মানুষ সরকারি কোনো বরাদ্দ কিংবা কোনো প্রতিষ্ঠানের অনুদানের অপেক্ষায় না থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী চাঁদা তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য ৬০ শতাংশ জমি কিনেছেন। একটি স্থায়ী খেলার মাঠের স্বপ্ন বাস্তবায়নে গ্রামের ধনী-গরিব সবাই এক হয়েছেন।
বাবুপুর গ্রামে সাত শতাধিক পরিবারের বাস, জনসংখ্যা সাড়ে তিন হাজারের বেশি। এত মানুষের বসতি থাকলেও শিশু-কিশোর ও তরুণদের জন্য ছিল না কোনো স্থায়ী খেলার মাঠ। ধান কাটার পর ফাঁকা জমিতে খেলার সুযোগ মিললেও নতুন করে ফসলের আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত খেলাধুলা।
দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন গ্রামের সন্তান এসএম ইকবাল মাহমুদ ও ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলম। তাঁদের আলোচনা থেকে শুরু হয় উদ্যোগটি। পরে গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময় করে জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রামবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এরপর শুরু হয় অর্থ সংগ্রহ।
কেউ দিয়েছেন ২০০ টাকা, কেউ ৫০০ টাকা, কেউ এক হাজার টাকা; আবার কেউ দুই হাজার, পাঁচ হাজার কিংবা ১০ হাজার টাকা পর্যন্ত সহযোগিতা করেছেন। সবার সম্মিলিত অর্থায়নে গ্রামের ইকবাল হোসেন সুজনের কাছ থেকে ৬০ শতাংশ জমি কেনা হয়।
প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয় ৫২ হাজার টাকা। জমির মালিকও এই উদ্যোগে এক শতাংশ জমি দান করেন। বাকি ৫৯ শতাংশের মূল্য হিসেবে তাঁকে পরিশোধ করা হয় ৩০ লাখ ৬৮ হাজার টাকা।
গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জমিটি গ্রামবাসীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। বাদ্যযন্ত্র বাজিয়ে, জাতীয় পতাকা উত্তোলন করে এবং উদ্যোক্তা ও প্রবীণদের ফুলের মালা দিয়ে বরণ করে আনন্দ-উৎসবে মেতে ওঠেন গ্রামের মানুষ।
উদ্যোক্তাদের পরিকল্পনা এখানেই শেষ নয়। মাঠের পাশে আরও ৬০ শতাংশ জমি কেনার লক্ষ্য রয়েছে তাঁদের। মোট ১২০ শতাংশ জমি নিয়ে একটি মানসম্মত খেলার মাঠ গড়ে তোলার স্বপ্ন দেখছেন তাঁরা।



