পাঁচ দেশের বিপক্ষে পাঁচবার পাঁচ উইকেট: লিয়নের পর টেস্ট ইতিহাসে হাসান মাহমুদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম পাঁচ উইকেট শিকার।
এই পাঁচ উইকেটের মধ্য দিয়ে হাসান বিশ্বের দ্বিতীয় বোলার এবং ক্রিকেট ইতিহাসের প্রথম পেসার হয়েছেন, যাঁর প্রথম পাঁচটি পাঁচ উইকেট শিকার এসেছে ভিন্ন পাঁচটি দেশের বিপক্ষে।
এর আগে টেস্ট ক্রিকেটে এমন কীর্তি ছিল কেবল অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়নের। হাসানের পাঁচটি শিকার এসেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারতের বিপক্ষে।
বাংলাদেশের পেস বোলারদের মধ্যেও এখন সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের রেকর্ড হাসানের। এতদিন চারটি করে পাঁচ উইকেট নিয়ে তিনি সাবেক পেসার শাহাদাত হোসেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন; এবার শাহাদাতকে ছাড়িয়ে তিনি এককভাবে শীর্ষে উঠেছেন।
এটি দেশের মাটিতে হাসানের প্রথম পাঁচ উইকেট শিকার। এর আগে গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি, যার মাত্র এক মাসের ব্যবধানে আবার এই সাফল্য পেলেন।
ম্যাচের প্রথম দিনে দুই উইকেট নেওয়া হাসান দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানেন। ইনিংসের ৮২তম ওভারে আগের দিন ১১১ রানে অপরাজিত থাকা আমির জাঙ্গুকে বোল্ড করেন তিনি। জাঙ্গু ২১২ বলে ১৩টি চার ও দুটি ছক্কায় ১৩৩ রান করে থামেন।
পরের বলেই নতুন ব্যাটার রস্টন চেইসকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন হাসান।
এরপর হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল। জশুয়া বিশপের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আউট দেন, তবে রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ, ফলে হ্যাটট্রিক অপূর্ণ থেকে যায়।
বিশপকে ঘিরেই এরপর জমে ওঠে হাসানের লড়াই। নিজের ফিরতি বলে ক্যাচ এলেও দুই হাত ফসকে জীবন পান এই উইন্ডিজ ব্যাটার এবং পরের এক ওভারে হাসানকে টানা দুটি চারও মারেন তিনি।
তবে ৯০তম ওভারের প্রথম বলেই সেই বিশপকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। তাঁর বলে স্টাম্পিং করে বিশপকে সাজঘরে পাঠান উইকেটকিপার লিটন দাস।



