ভূমি অফিসে নির্ধারিত ফির বাইরে একটি টাকাও নয়: যশোরে প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, যাতে সেবা নিয়ে কারও কোনো প্রশ্ন বা অভিযোগ না থাকে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। তাঁর ভাষ্য, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায় এবং মানুষের ভোগান্তি ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনতে সরকার কাজ করছে।
অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে গণমুখী হিসেবে গড়ে তুলতে চান। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, এই সরকার দেশের সমগ্র জনগণের। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার এক বিন্দুও সরে আসবে না এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
ভূমি অফিস প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভূমি অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানে সরকারনির্ধারিত মূল্যে জনগণকে সেবা দিতে হবে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না বলে তিনি সতর্ক করেন।
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে নবনির্মিত ভূমি অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।
পরে প্রতিমন্ত্রী অমিত যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন।



