৩৫ বছর পর পিরোজপুর জেলা জামায়াতে নতুন আমির মাওলানা আব্দুর রব

জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। সংগঠনের সদস্যদের (রুকন) গোপন ভোটে তিনি ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হন। এর আগে তিনি জেলা জামায়াতের নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন।
বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ ৩৫ বছর পিরোজপুর জেলা আমিরের দায়িত্ব পালন করা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পান মাওলানা আব্দুর রব। নতুন আমির নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আগামী দুই বছর পিরোজপুর জেলা জামায়াতের নেতৃত্ব দেবেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নায়েবে আমির মাওলানা আব্দুর রবকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়।
গত ৯ অক্টোবর ২০২৭-২০২৮ সেশনের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট দেন। ভোট গণনার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে মাওলানা আব্দুর রবকে জেলা আমির হিসেবে ঘোষণা করা হয়।
দলীয় ও ব্যক্তিগত পরিচিতি অনুযায়ী, মাওলানা আব্দুর রব ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন হিসেবে শপথ নেন।
১৯৯২ সালে তিনি পৌর আমিরের দায়িত্ব পালন করেন। পরে ২০১১ সাল থেকে জেলা জামায়াতের সেক্রেটারি এবং ২০২৪ সাল থেকে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।



