কোস্টারিকা ম্যাচ দিয়ে মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনা, টিকিটের দাম ২৫ হাজার পেসো থেকে শুরু

লিওনেল মেসির অবসরের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লা আলবিসেলেস্তেরা।
এরই মধ্যে সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
ম্যাচটি হবে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে।
৬ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে এএফএ। সমর্থকেরা ডিপোর্টিকের (DeporTick) ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
টিকিট কিনতে আগ্রহীদের প্রথমে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটের ওপরের ডান পাশে থাকা স্টার্ট/রেজিস্টার অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করার পর টিকিট কেনার প্রক্রিয়া শুরু করা যাবে।
একজন ব্যবহারকারী সর্বোচ্চ চারটি সাধারণ গ্যালারির টিকিট কিনতে পারবেন।
আর্জেন্টিনা ও কোস্টারিকার ম্যাচের জন্য বিভিন্ন গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করেছে এএফএ। ম্যাচটির টিকিটের সর্বনিম্ন মূল্য ২৫ হাজার পেসো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার টাকা। এই দাম ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকিটের জন্য।
সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৮০ হাজার পেসো। গাসপারিনি গ্যালারির টিকিটের মূল্য ১ লাখ ২৫ হাজার পেসো। আরদিলেস গ্যালারিতে বসে ম্যাচ দেখতে হলে গুনতে হবে ১ লাখ ৪৫ হাজার পেসো, যা টিকিটের সর্বোচ্চ দাম।




