দুই বছর পর রিংয়ে ফিরছেন খেলিফ, ১৫ ডিসেম্বর প্যারিসে পেশাদার অভিষেক
অলিম্পিক চ্যাম্পিয়ন ইমানে খেলিফ পেশাদার বক্সিংয়ে অভিষেকের ঘোষণা দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বর প্যারিসে সুপার-ওয়েল্টারওয়েট শ্রেণিতে ক্লারিদা সারাবিয়ার মুখোমুখি হবেন আলজেরিয়ার এই বক্সার। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে ওয়েল্টারওয়েটে স্বর্ণ জেতার পর এটিই হবে রিংয়ে তাঁর প্রথম লড়াই।
২৭ বছর বয়সী খেলিফের হাতে রয়েছে ফ্রান্সের বক্সিং ফেডারেশনের দেওয়া পেশাদার লাইসেন্স। চলতি বছরের এপ্রিলে রিংয়ে ফেরার কথা থাকলেও প্রশিক্ষণের সময় চোট পাওয়ায় সেই পরিকল্পনা পিছিয়ে যায়।
শুক্রবার কোচ কামেল আবদেসেলাম ও প্রমোটার ইয়াসিন বেররাবাহকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে অভিষেকের ঘোষণা দেন খেলিফ। তিনি বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে আমি বক্সিং করিনি, রিংয়ে থাকাটা সত্যিই খুব মিস করেছি।’
খেলিফ আরও বলেন, ‘গত কয়েকটা বছর বেশ কঠিন গেছে। এখন পেশাদার হওয়ার সময় এসেছে, আমি আমার সর্বোচ্চটা দেব।’
কোচ আবদেসেলাম আত্মবিশ্বাসী যে খেলিফ তিন থেকে পাঁচটি লড়াইয়ের মধ্যেই বিশ্ব খেতাব জিততে পারবেন; তিনি নিজের এই শিষ্যকে তুলনা করেছেন মোহাম্মদ আলির সঙ্গে। আবদেসেলাম বলেন, ‘আমরা ইমানেকে বিশ্বের শীর্ষে বসাতে চাই।’
২০২৪ সালের প্যারিস অলিম্পিকে বড় ধরনের লিঙ্গ-বিতর্কের কেন্দ্রে ছিলেন খেলিফ। তিনি নারী হিসেবে জন্ম নিলেও তাঁর শরীরে প্রাকৃতিকভাবে পুরুষত্ব নির্দেশক এসআরওয়াই জিন রয়েছে বলে আলোচনা ওঠে।
গত ফেব্রুয়ারিতে ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে খেলিফ জানিয়েছিলেন, প্যারিস অলিম্পিকের আগে টেস্টোস্টেরনের মাত্রা কমাতে তিনি হরমোন চিকিৎসা নিয়েছিলেন।




