শিক্ষানবিশ চালকের গাড়িতে লাল ‘এল’ চিহ্ন বাধ্যতামূলক করল বিআরটিএ, মূল লাইসেন্স ছাড়া চালানো শাস্তিযোগ্য

শিক্ষানবিশ লাইসেন্সধারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে এই নির্দেশনা তুলে ধরা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারী কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় চালাতে পারবেন এবং গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘এল’ চিহ্ন থাকতে হবে।’
মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, একজন শিক্ষানবিশ চালক যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হবেন, তখন গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের একটি বড় ‘এল’ চিহ্ন লিখে বা বোর্ড ঝুলিয়ে রাখতে হয়; ‘এল’ হলো ইংরেজি ‘লার্নার’ শব্দের সংক্ষিপ্ত রূপ।
এই চিহ্নের উদ্দেশ্য হলো রাস্তায় চলাচলকারী অন্য গাড়ির চালকেরা যেন দূর থেকে ‘এল’ চিহ্ন দেখে বুঝতে পারেন যে এই গাড়িটি একজন নতুন চালক চালাচ্ছেন, এবং তারা যেন পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালান।
বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে যখন কেউ গাড়ি চালানো শেখেন, তখন তাঁকে শিক্ষানবিশ চালক বা লার্নার বলা হয়।




