টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুই মেছো বাঘ, তালতলা এলাকায় শতাধিক পরিবারে আতঙ্ক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা এলাকায় দুটি মেছো বাঘের চলাফেরায় শতাধিক পরিবারের মানুষ আতঙ্কে রয়েছেন। বেশ কিছু দিন ধরেই বাঘ দুটিকে ওই এলাকায় ঘুরতে দেখা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) তালতলা গ্রামে একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে দুই মেছো বাঘের দেখা মেলে। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর লোকজন জড়ো হলে বাঘ দুটি পালিয়ে যায়।
বাঘ দুটি এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক কাটেনি।
স্থানীয় বাসিন্দা বাবলু মিয়া জানান, অনিকনগর পার্কের পশ্চিম দিকে বারেকের বাড়ির পাশে ঝোপঝাড়ে মেছো বাঘ দেখা যায়। সে সময় হারুন নামের এক কিশোর মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। মুহূর্তেই সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শত শত উৎসুক জনতা ওই ঘন জঙ্গলের পাশে ভিড় জমায়।
আব্দুল বারেক মিয়া জানান, শুক্রবার তার বাড়ির পশ্চিম পাশে ঘন জঙ্গল থেকে বাইরে এসে বাঘ দুটি শুয়ে থাকে। পরে বাঘ দুটি উচ্চস্বরে গর্জন করতে থাকে। তার ভাষ্যে, বাঘের গর্জনে কেউ সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল্লাহ বলেন, মেছো বাঘের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে সমস্ত এলাকায়।
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা এমরান আলী বলেন, সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি বলেন, স্থানীয়রা ভুল করে এটাকে চিতা বাঘ বললেও এটা মূলত মেছো বাঘ বা মেছো বিড়াল।
বন কর্মকর্তা আরও জানান, স্থানীয়দের আতঙ্কিত না হতে এবং মেছো বাঘ দুটিকে না মারার অনুরোধ করে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে।




