‘মাতৃভূমি’র চিত্রনাট্য বদলের অভিযোগ উড়িয়ে দিলেন সালমান খান
মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছে বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে উই রেস্ট ইন পিস’।
২০২০ সালের গালওয়ান সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম পরিবর্তনের পাশাপাশি গল্পেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে দাবি উঠেছে।
ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কের উন্নতির বিষয়টি বিবেচনায় রেখেই এই পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছে সরকারি সূত্র।
শুক্রবার (৬ নভেম্বর) মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন সালমান খান। সরকারি চাপের কারণে চিত্রনাট্য পরিবর্তন কিংবা সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়ার অভিযোগকে তিনি ‘বাজে কথা’ বলে অভিহিত করেন।
সরকারি সূত্রের দাবি, অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটি শুরুতে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। ওই সংঘর্ষে চীনা বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে ২০ জন ভারতীয় সেনা নিহত হন।
তবে পরবর্তী সময়ে ভারত-চীন সম্পর্কের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিনেমাটির চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়। এমনকি প্রায় ৪০ শতাংশ দৃশ্য নতুন করে ধারণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক চিত্রনাট্যে চীনকে সরাসরি প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপত্তি ছিল। পরে যুদ্ধের জাতীয়তাবাদী ও সামরিক সংঘাতের দিকের পরিবর্তে এর মানবিক মূল্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
২০২৫ সালের জুলাইয়ে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। প্রায় ১০ মাস আগে প্রকাশ করা হয় এর টিজার।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ সিনেমাটির টিজারের সমালোচনা করেছিল। তাদের অভিযোগ, ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় সংঘটিত সংঘর্ষের ঘটনাকে সিনেমায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস’ বই সিরিজের সহলেখক শিব অরুর ও রাহুল সিং সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছেন। সিনেমাটির সাথে তাদের সম্পৃক্ততার অবসান ঘোষণা করে তারা দাবি করেন, সিনেমার গল্প তাদের বইয়ে বর্ণিত গালওয়ান সংঘর্ষের বিবরণ থেকে অনেকটাই সরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শিব অরুর জানান, গল্পের পরিবর্তনের কারণে তারা প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ইউটিউবার ধ্রুব রাঠিও অভিযোগ করেছিলেন, চীনকে ইতিবাচকভাবে উপস্থাপনের জন্য সিনেমাটির কয়েকটি দৃশ্য নতুন করে ধারণ করতে বলা হয়েছিল।
তবে এসব অভিযোগের সাথে একমত নন সালমান খান। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন, ‘মাতৃভূমি’ কোনো বায়োপিক নয়। গালওয়ান সংঘর্ষে নিহত কর্নেল বি সন্তোষ বাবুর জীবন অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে, এমন ধারণাও নাকচ করেন তিনি। সালমান বলেন, তিনি এমন একটি সিনেমা করতে চেয়েছেন, যেখানে দুই দেশের সেনাদের মধ্যকার সংঘাতের পাশাপাশি এর মানবিক দিকও উঠে আসবে। তাঁর মতে, সিনেমায় ভারত ও চীনের সেনাদের উপস্থিতি থাকলেই দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, এমনটা নয়।
