জেদ্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, প্রবাসীদের ঐক্যের আহ্বান
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ধর্মমন্ত্রী ও কনসাল জেনারেল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বাংলা অনুবাদ পাঠ করা হয়।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
পাশাপাশি সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান ধর্মমন্ত্রী।
কনসাল জেনারেল তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন স্বাধিকার আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
তিনি প্রবাসীদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতারাও বক্তব্য দেন। সবশেষে বাংলাদেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ হজ অফিস জেদ্দা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

