রোনালদোর অবসরে কেন মুখ খুলছেন না মেসি, ভক্তদের মনে প্রশ্ন
পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের পর অনেক সাবেক ও বর্তমান তারকা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু সেই তালিকায় নেই একটি নাম, যা বেশ ভালোভাবে চোখে পড়েছে: লিওনেল মেসি।
রোনালদো অবসর নেওয়ার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আর্জেন্টাইন কিংবদন্তির এই নীরবতা ভক্তদের মধ্যে বিতর্ক তৈরি করেছে।
কোচ জর্জ জেসুসের সঙ্গে কলহ মিটে যাওয়ার আভাস পাওয়া গেলেও গত বৃহস্পতিবার রোনালদো তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দেন। সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে তিনি কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসলেও মেসিকে দেখা যায়নি কোথাও।
আর্জেন্টাইন কিংবদন্তির এই নীরবতা দৃষ্টিকটু লাগার কারণ, আলবিসেলেস্তের সঙ্গে তাঁর বিদায়ী ম্যাচের পর অন্য তারকাদের মতো রোনালদোও তাঁকে সমর্থন ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিয়েছিলেন।
গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর ইন্টার মায়ামি তারকা বিদায়ী বার্তা লেখেন। রোনালদো সেখানে মর্মস্পর্শী পোস্ট করে অনেককেই চমকে দেন।
সিআরসেভেন লিখেছিলেন, ‘লিও, এত বছর ধরে দেশের হয়ে লড়াই করার পর তুমি এমন এক ইতিহাস গড়েছ যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। অনেক ভালোবাসা।’
মেসিকে লেখা সেটাই প্রথম পোস্ট ছিল না রোনালদোর। ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীর বাবার মৃত্যুর পর তাঁকে সমবেদনাও জানান তিনি। ১২ আগস্ট বাবাকে হারানোর শোক জানিয়ে লম্বা পোস্ট দেন মেসি, রোনালদো আবেগঘন মন্তব্য করেন তাতে।
তিনি লিখেছিলেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।’
রোনালদো অবসর নেওয়ার পরও মেসির সোশ্যাল মিডিয়া ঢুঁ মেরেও এ নিয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রায় দুই দশকের প্রতিদ্বন্দ্বিতা ভুলে রোনালদো যখন মেসির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর অবসরে প্রতিক্রিয়া জানিয়েছেন, তখন আর্জেন্টাইন কিংবদন্তির নীরবতা তাঁর ভক্তদের মনেও প্রশ্ন তুলছে।
রোনালদোর আন্তর্জাতিক বিদায়ের পর মেসির নীরবতা তাই ফুটবলভক্তদের আলোচনার বিষয় হয়ে উঠেছে।




