…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ফল রপ্তানিতে ধস: প্রথম প্রান্তিকে আয় কমেছে ৭৬ শতাংশ, পরিবহন ব্যয় তিন গুণের বেশি

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের ফল রপ্তানি আয় কমেছে ৭৬ শতাংশ। আন্তর্জাতিক পরিবহন সংকট, পণ্য সংরক্ষণে সীমাবদ্ধতা এবং আমদানিকারক দেশগুলোর উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত কঠোর শর্ত পরিপালনে দীর্ঘদিনের ঘাটতি রপ্তানি খাতকে চাপে ফেলেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ফল রপ্তানি থেকে আয় হয়েছে ৭৩ লাখ ৮০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৩ কোটি ৮ লাখ ৬০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে ৭৬ শতাংশ।

ফল রপ্তানির প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এসব বাজারে বাংলাদেশের আম ও কাঁঠালের চাহিদা রয়েছে। তবে আন্তর্জাতিক পরিবহন সংকট ও ব্যয় বৃদ্ধি রপ্তানিকারকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

পরিবহন ব্যয় বেড়ে তিন গুণের বেশি হয়েছে। ফল ও সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যালেক্সা ট্রেডিং করপোরেশনের পরিচালক অনুপ দাস বলেন, পণ্য পরিবহনের খরচ ২ হাজার থেকে ২ হাজার ২০০ ডলার থেকে বেড়ে ৭ হাজার থেকে ৮ হাজার ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য হাফিজুর রহমান জানান, পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের এক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালী ঘিরে সৃষ্ট সংকটে সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে ফল রপ্তানিতেও।

আকাশপথেও পর্যাপ্ত কার্গো সুবিধা ও নিয়মিত ফ্লাইটের অভাব রয়েছে। ফলে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পরিবহন জটিলতায় বর্তমানে ওমানে ডাব এবং মালদ্বীপে বাঁধাকপি রপ্তানির চালান আটকে রয়েছে।

পরিবহন সংকটের পাশাপাশি পণ্যের উৎপত্তি ও সরবরাহব্যবস্থা শনাক্তকরণ, পর্যাপ্ত হিমাগার, প্যাকিং হাউস এবং সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনার ঘাটতিও রপ্তানিতে বাধা সৃষ্টি করছে। বিমানবন্দরের কাছাকাছি পর্যাপ্ত সংগ্রহকেন্দ্র ও প্যাকিং হাউস না থাকায় রপ্তানির আগে ফলমূল ও সবজি সতেজ রাখাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

হাফিজুর রহমান বলেন, পণ্যের উৎস শনাক্তকরণ বা ট্রেসেবিলিটি সম্পর্কে সচেতনতার অভাব এবং চুক্তিভিত্তিক চাষাবাদ সীমিত থাকায় আন্তর্জাতিক মান পরিপালন কঠিন হচ্ছে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. মাহবুবুল আলম শাকিব বলেন, কৃষকেরা অনেক সময় কীটনাশক ও সার ব্যবহারের তথ্য সংরক্ষণ করেন না। ফলে রপ্তানিযোগ্য ফলে নির্ধারিত মাত্রার বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেলে এর উৎস শনাক্ত করা কঠিন হয়।

এ সমস্যা সমাধানে চুক্তিভিত্তিক চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের রাসায়নিক ব্যবহারের তথ্য সংরক্ষণে বাংলাভাষায় সহজ ডিজিটাল ব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি। মাহবুবুল আলম আরও বলেন, উৎপাদনস্থল থেকে রপ্তানি কেন্দ্র পর্যন্ত কার্যকর হিমায়ন ব্যবস্থা বা কোল্ড চেইন না থাকায় ফলমূল ও সবজি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে। ঢাকার শ্যামপুরের কেন্দ্রীয় প্যাকিং হাউসে পরিবহনের সময়ও পণ্যের গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ পরিস্থিতিতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মতো উৎপাদন এলাকার কাছাকাছি প্যাকিং হাউস ও শোধনকেন্দ্র স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি। আন্তর্জাতিক বাজারে ফল রপ্তানির ক্ষেত্রে উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত শর্ত পূরণ করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন বাজারে প্রবেশের জন্য ভেপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) ও হট ওয়াটার ট্রিটমেন্ট (এইচডব্লিউটি) সুবিধা প্রয়োজন।

হাফিজুর রহমান বলেন, প্রধান রপ্তানি বাজারগুলোতে এসব শোধনসুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দেশে পর্যাপ্ত সুবিধা নেই। পরিবহন ব্যয়, হিমাগার ও শোধনসুবিধার ঘাটতি কাটিয়ে উঠতে না পারলে সম্ভাবনাময় এই খাতের রপ্তানি আয় ফেরানো কঠিন হবে বলে মনে করছেন রপ্তানিকারকেরা।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে লাগবে লাইসেন্স, আবেদন ১৫ নভেম্বরের মধ্যে
অর্থনীতি ও ব্যবসা

অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে লাগবে লাইসেন্স, আবেদন ১৫ নভেম্বরের মধ্যে

অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে এখন থেকে লাইসেন্স লাগবে। চাঁদপুরের ইলিশের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে চলা প্রতারণা বন্ধ করতে এ সিদ্ধান্ত নিয়েছে চাঁদপ…

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
অর্থনীতি ও ব্যবসা

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। ১৯৯৫ সাল থেকে এই মেলা আয়োজিত হচ্ছে। দীর্ঘদিন আগারগাঁওয়ে মেলা আয়োজন…

মার্কিন শুল্ক চুক্তির সুফল পেতে খোলামেলা আলোচনা ও স্বচ্ছতা চান ব্যবসায়ীরা
অর্থনীতি ও ব্যবসা

মার্কিন শুল্ক চুক্তির সুফল পেতে খোলামেলা আলোচনা ও স্বচ্ছতা চান ব্যবসায়ীরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্যচুক্তি (এআরটি) নিয়ে পূর্ণ স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। তাঁদের …

অর্থনীতি ও ব্যবসা

পোশাক শিল্পের অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

পোশাক শিল্পে কয়েক দিনের অস্থিরতায় বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।…