…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

অটোর দাপট আর হকারের দখলে পাটগ্রাম শহর, হেঁটে চলাও কঠিন

নিজস্ব প্রতিবেদক
অটোর দাপট আর হকারের দখলে পাটগ্রাম শহর, হেঁটে চলাও কঠিন
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম শহরের মূল সড়ক থেকে অলিগলি—সবখানে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। সেই সঙ্গে হকারদের সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানোর প্রতিযোগিতা চলছে। এই দুই কারণে সড়কে তীব্র যানজট লেগেই থাকছে, কখনো কখনো হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়কসহ প্রায় সব সড়কে শত শত ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা চলছে। ট্রাফিক নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র রিকশা থামিয়ে যাত্রী ওঠানো-নামানো চলছে।

শহরের পূর্ব চাররাস্তার মোড় (চৌরঙ্গী) থেকে পশ্চিম চাররাস্তার মোড় পর্যন্ত এলাকায় ভাসমান দোকানপাট আর যানজট সবচেয়ে বেশি। এ ছাড়া তেঁতুলতলা থেকে পৌরসভা সড়ক, পশ্চিম চৌরঙ্গী মোড় থেকে বাইপাস মোড় সড়ক, রেলগেট, রেলস্টেশন, পুরাতন কাঁচাবাজার, পুরাতন বাসস্ট্যান্ড এবং ভূমি অফিসের পশ্চিমে থানা রোড—সবখানেই অটোরিকশার দাপট অনেক বেশি।

সড়কগুলোর দুই পাশে পাঁচ থেকে সাত ফুট জায়গা দখল করে সারি সারি অস্থায়ী দোকানপাট বসছে। সড়কে ফল, জুতা-স্যান্ডেল, পেঁয়াজ-রসুন, কাপড়চোপড়, হাঁস-মুরগি, পান-সুপারি, কাঠ ও লোহার আসবাবের পসরা নিয়ে বসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

এসব অস্থায়ী দোকানের সামনে ক্রেতারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কেনাকাটা করছে। একদিকে অনিয়ন্ত্রিত অটোরিকশা, অন্যদিকে হকার-ক্রেতার ভিড়ে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষ।

বিশেষ করে সাপ্তাহিক হাটবার রোববার ও বৃহস্পতিবার উপজেলার ৮টি ইউনিয়ন থেকে হাজারো মানুষ শহরে আসে। এতে শহর ও বাজার এলাকায় মানুষ এবং যানবাহনের চাপ বেড়ে যায়, ফলে যানজট আরও তীব্র হয়।

সড়কে একাধিক হকার বলেন, স্থায়ী দোকানের জন্য মোটা অঙ্কের টাকা অগ্রিম দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। বাধ্য হয়ে স্থায়ী দোকানমালিককে দুই থেকে তিন লাখ টাকা দেওয়ার বিনিময়ে তাঁর দোকানের সামনে সড়ক ও ফুটপাতে মাত্র ১০-১২ ফুট জায়গায় অস্থায়ী দোকান বসান তাঁরা। অন্যের দোকানের সামনে অস্থায়ী দোকান বসালেও প্রতি মাসে ১ থেকে ৩ হাজার টাকা ভাড়া গুনতে হয়।

হকাররা বলেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করলে পরিবার নিয়ে নিদারুণ কষ্টে পড়বেন।

পাটগ্রাম পৌরসভার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘ফুটপাত তো দখল হয়েছেই। রাস্তায় এত বেশি অটোরিকশা যে চলাচল করার উপায় নাই। আমরা খুব সমস্যায় আছি। কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।’

শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘শহরের সড়ক দিয়ে অনেক শিক্ষার্থী স্কুল-কলেজে যাওয়া-আসা করে। বেপরোয়া অটোরিকশা ও যানজটের কারণে সড়ক দিয়ে শিক্ষার্থীদের হেঁটে চলাচল করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এত বেশি রিকশা দেশের আর কোথাও আছে কি না সন্দেহ! ফুটপাতগুলো দ্রুত দখলমুক্ত করা দরকার।’

যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। তারপরও অটোরিকশার লাগাম টানা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার চালিয়ে অটোরিকশাগুলোকে নির্দিষ্ট জায়গা (স্ট্যান্ড) থেকে যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হলেও চালকেরা তা মানছেন না।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারজানা আখতার বলেন, ‘এই শহরের ফুটপাত দখল ও যানজট দীর্ঘদিনের একটি সংকট। জনসাধারণের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এটি সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

শহরবাসী মনে করছে, যানজট নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও টেকসই কোনো উদ্যোগ দরকার। শুধু অভিযান আর মাইকে প্রচার দিয়ে এই সংকটের সমাধান হচ্ছে না।

জাতীয় বিভাগের আরও খবর

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা
জাতীয়

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা

রংপুর নগরীর ধাপ এলাকায় ডাক বিভাগের পোস্টাল স্টাফ কোয়ার্টারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বরাদ্দপ্রাপকদের পরিবর্তে ভাড়াটে ও সাবলেটবাসীরা বসবাস করছেন…

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এবারই প্রথম 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপন করল দলটি। শনিবার বিকেলে রাজধানীর নয…

বিএসটিআইয়ে ঝুঁকিভাতার নামে এক দশকে প্রায় হাজার কোটি টাকা বণ্টন, দুদকের অনুসন্ধানে অনিয়মের চিত্র
জাতীয়

বিএসটিআইয়ে ঝুঁকিভাতার নামে এক দশকে প্রায় হাজার কোটি টাকা বণ্টন, দুদকের অনুসন্ধানে অনিয়মের চিত্র

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সব কর্মকর্তা-কর্মচারীই ঝুঁকিভাতা পাচ্ছেন। বছরে এ খাত…

জাতীয়

বনানীতে সেতু ভবনের গার্ড রুম লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও একটি অবিস্ফোরিত ককটেল

রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে গার্ড রুমের কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।…