ঢাবির জগন্নাথ হলে ৩০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা, বিশ্বের সর্ববৃহৎ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী দেবী সরস্বতীর মূর্তি। কর্তৃপক্ষের দাবি, এটি হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী দেবী সরস্বতীর মূর্তি। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্তের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ।
৩০ ফুট উচ্চতার কংক্রিটের এই প্রতিমা নির্মাণের লক্ষ্যে রোববার (৮ নভেম্বর) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হলের রবীন্দ্র ভবনের পূর্বাংশে প্রতিমাটি নির্মাণ করা হবে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ৩০ ফুট উচ্চতার কংক্রিটের প্রতিমাটি নির্মিত হলে এটি হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা। প্রতিমাটির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্ত করা যায় কি না, সে চেষ্টাও করা হবে। এ জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে তাদের ইচ্ছা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমার নির্মাণকাজ দ্রুত এবং যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।
উপাচার্য আরও বলেন, আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, হল সংসদের নেতারা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার দুপুরে শাস্ত্রীয় বিধান অনুযায়ী প্রতিমা স্থাপনের ভিত্তিপূজা অনুষ্ঠিত হয়।
প্রতিমাটির নকশাও ইতিমধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এর মূল নকশাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও শিল্পী স্বপন পাল।
নির্মাণকাজ শেষ হলে প্রতিমাটি জগন্নাথ হলের একটি স্থায়ী আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গিনেস রেকর্ডের আবেদন প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ।
