রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা গ্রেপ্তার

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাতে জেলা শহরের কালিন্দিপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা অন্যতম।
পুলিশ সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।
ওসি মো. জসিম উদ্দিন বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে।
পুলিশ সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার। অভিযানের আওতায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছিল।




