…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

এক-দুই ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়: সিলেটে সংবাদ সম্মেলনে হৃদয়

নিজস্ব প্রতিবেদক
এক-দুই ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়: সিলেটে সংবাদ সম্মেলনে হৃদয়
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পেয়েই যেন সমালোচকদের জবাব দিয়েছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে খেলেছেন বাংলাদেশের হয়ে রেকর্ডগড়া ২৪২ রানের অপরাজিত ইনিংস। আর সেই ইনিংসের পর রোববার সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, এক-দুই ইনিংসের পারফরম্যান্স দিয়ে কোনো ক্রিকেটারকে বিচার করা উচিত নয়।

অথচ এই টেস্টের আগেও লাল বলের ক্রিকেটে তার সামর্থ্য ও ব্যাটিংয়ের ধরন নিয়ে কম প্রশ্ন ওঠেনি। বিশেষ করে মিরপুর টেস্টে শট নির্বাচনের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই ব্যাটার। তবে হৃদয়ের মতে, এক-দুই ইনিংসের পারফরম্যান্স দিয়ে কোনো ক্রিকেটারকে বিচার করা উচিত নয়।

নিজের ব্যাটিং নিয়ে সমালোচনাকে স্বাভাবিকভাবেই দেখছেন হৃদয়। তার বিশ্বাস, সমালোচনা থেকে শেখার আছে অনেক কিছু। তবে সেটি হতে হবে সঠিক দৃষ্টিভঙ্গি থেকে।

রোববার সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আপনি আপনার পেশায় বা যেকোনো পেশাতেই সমালোচনার মুখে পড়বেন। যেদিন ভালো করি, সেদিন আপনারা ইতিবাচক কথা বলেন। যেদিন খারাপ করব, সেদিন সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক। তবে সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে, যদি সেটি সঠিকভাবে চিন্তা করি।’

হৃদয়ের টেস্ট ক্যারিয়ারের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৩ ও ৯ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে করেন ৪২ ও শূন্য।

চার ইনিংসে মোট ৫৪ রান করার পর তার টেস্ট খেলার উপযোগিতা নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে পরিস্থিতি বিবেচনা না করে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হওয়ায় সমালোচনা হয়েছিল তার ব্যাটিংয়ের ধরন নিয়ে।

তবে সিলেটে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ব্যাট হাতেই। প্রথম ইনিংসে ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তুলেছেন ৩৮৬ রানে। খেলেছেন ৩৫৯ বলে অপরাজিত ২৪২ রানের ইনিংস।

ভেঙেছেন মুশফিকুর রহিমের ২১৯ রানের রেকর্ড। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক তিনি।

এমন ইনিংস খেলার পরও সমালোচনার বিষয়টি নিয়ে হৃদয় বলেন, ‘আপনি নিয়মিত পারফর্ম করবেন, এমনটা নয়। একদিন-দুইদিন ভালো হবে না, এটা খুবই স্বাভাবিক। বিশ্বের সব দলেরই এমন হয়। একদিন-দুইদিনের পারফরম্যান্স দেখে কাউকে কখনো বিচার করাটাও ঠিক না। অবশ্যই সমালোচনা করবেন, যদি আমরা ভুল করি। তবে এক-দুইটি ইনিংস দেখে নয়। একই ভুল যদি ধারাবাহিকভাবে হতে থাকে, তখন সমালোচনা করা ভালো।’

ব্যাটিংয়ে নিজের আক্রমণাত্মক মানসিকতা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন হৃদয়, ‘কিছু সময় কাউন্টার অ্যাটাক না করলে সেখান থেকে বের হওয়া কঠিন। কোনো দল আমাদের ডমিনেট করার আগে আমাদেরও কিছু না কিছু কাউন্টার অ্যাটাক করা উচিত। তবে পরিস্থিতি যা দাবি করে, আমি সেভাবেই খেলার চেষ্টা করি।’

সমালোচনার জবাব হৃদয় দিয়েছেন ব্যাট হাতেই। আর সংবাদ সম্মেলনে তিনি বুঝিয়ে দিলেন, এক-দুই ইনিংসের বিচারে নয়, ধারাবাহিকতাই একজন ক্রিকেটারকে মাপার সঠিক মাপকাঠি।

খেলা বিভাগের আরও খবর

হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে ৩১৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
খেলা

হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে ৩১৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টের চতুর্থ দিনটা বাংলাদেশের বোলারদের জন্য ছিল হতাশার। দিনভর ব্যাট হাতে দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। …

খেলা

হজের শতকে লিড ৩১৫, শেষ দিনে রেকর্ড তাড়ার কঠিন পরীক্ষায় বাংলাদেশ

প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরির পরও সিলেট টেস্টে স্বস্তিতে নেই বাংলাদেশ দল। চতুর্থ দিনে বল হাতে স্বাগতিক বোলারদের চরম ব্যর্থতার …

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লিড ২০০ ছাড়াল, কঠিন চাপে বাংলাদেশ
খেলা

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লিড ২০০ ছাড়াল, কঠিন চাপে বাংলাদেশ

তাওহীদ হৃদয়ের অবিশ্বাস্য ২৪২ রানের ইনিংসে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তাতে সিলেট টেস্টে জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিলেন সমর্থকেরা।…