সৌদি বিমানবন্দরে বিধিনিষেধে ব্যাহত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ১৮৬টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ১৬১ জন যাত্রী।
ব্যাহত হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ১০৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।
প্রভাবিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৩টি রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।
রোববার (৮ নভেম্বর) ফ্লাইট ম্যানেজমেন্টের এএসএম স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান।
তিনি জানান, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট ২৩ হাজার ১৬১ জন যাত্রী এ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়েছেন।
সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স—প্রতিষ্ঠানটির ৫৫টি ফ্লাইট ব্যাহত হয়েছে। ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ৩০টি ফ্লাইট ইন্ডিগোর।

