ভালভের্দের বহুমুখী দক্ষতায় মুগ্ধ মরিনিয়ো: গোলরক্ষক হলেও গ্লাভস পরে দাঁড়িয়ে যাবেন

মিডফিল্ডার হিসেবে পরিচিতি, অথচ দলের প্রয়োজনে খেলছেন রাইটব্যাকে। পজিশন বদলালেও পারফরম্যান্সে এতটুকু ঘাটতি নেই ফেদেরিকো ভালভের্দের। রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করছেন নিয়মিত। রিয়াল মাদ্রিদের অধিনায়কের এমন বহুমুখী দক্ষতায় মুগ্ধ কোচ হোসে মরিনিয়ো।
পর্তুগিজ এই কোচের বিশ্বাস, দলের প্রয়োজনে গোলরক্ষক হতে বললেও বিনা দ্বিধায় গ্লাভস পরে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে যাবেন ভালভের্দে। সেভিয়ার বিপক্ষে জয়ের পর অধিনায়কের বহুমুখী দক্ষতার প্রশংসা করতে গিয়ে এভাবেই নিজের আস্থার কথা জানান মরিনিয়ো।
চলতি মৌসুমের শুরুতে মাঝমাঠেই খেলছিলেন ভালভের্দে। সাধারণত অরেলিয়েঁ চুয়ামেনির সঙ্গে ডাবল পিভটে দায়িত্ব পালন করতেন উরুগুইয়ান এই ফুটবলার। তবে সাম্প্রতিক ম্যাচগুলোয় তাকে রাইটব্যাকে খেলাচ্ছেন মরিনিয়ো।
পজিশন পরিবর্তনের শুরুটা হয়েছিল চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচে। ইতালিয়ান ক্লাবটির মাঠে ৩-১ গোলে পিছিয়ে থাকার সময় কৌশলে পরিবর্তন আনেন মরিনিয়ো।
ডান পাশের রক্ষণ থেকে ডেনজেল ডামফ্রিসকে তুলে নিয়ে আরদা গুলেরকে মাঠে নামান তিনি। গুলেরকে মাঝমাঠে রেখে ভালভের্দেকে পাঠান রাইটব্যাকে। এরপরই ঘুরে দাঁড়ায় রিয়াল। শেষ পর্যন্ত ৪-৩ গোলের নাটকীয় জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা।
সেই ম্যাচের পর সেভিয়া, আরবি লাইপজিগ, বার্সেলোনা ও ভালেন্সিয়ার বিপক্ষেও রাইটব্যাক হিসেবে খেলেছেন ভালভের্দে। নতুন ভূমিকাতেও নিজের ছন্দ ধরে রেখেছেন রিয়াল অধিনায়ক।
সেভিয়ার বিপক্ষে জয়ের পর অধিনায়কের বহুমুখী দক্ষতার প্রশংসা করেন মরিনিয়ো। তিনি বলেন, বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি পজিশনে খেলতে পারা ফুটবলারদের একজন ভালভের্দে। তাকে কোনো কিছু বোঝানোর প্রয়োজন নেই।
মরিনিয়ো বলেন, ভালভের্দে রিয়াল মাদ্রিদের অধিনায়ক। গোলরক্ষক হিসেবে খেলতে হলেও গ্লাভস পরে গোলপোস্টে দাঁড়িয়ে যাবে সে।
রক্ষণভাগে খেললেও আক্রমণে অবদান রাখা বন্ধ হয়নি ভালভের্দের। সবশেষ দুই ম্যাচেই গোল পেয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে এইকে এথেন্সের বিপক্ষে বদলি হিসেবে নেমে মাঝমাঠের দায়িত্ব পান উরুগুইয়ান তারকা। ম্যাচের যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন তিনি।
এরপর লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে আবার রাইটব্যাকে খেলেন ভালভের্দে। শনিবার মেস্তায়ায় ৩-০ গোলের জয়ের ম্যাচে ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
কিলিয়ান এমবাপের ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণে বাধা পেয়ে ফিরে এলে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান রিয়াল অধিনায়ক।
মরিনিয়োর মতে, দলের অধিনায়ক হওয়ার অর্থ শুধু নেতৃত্ব দেওয়া নয়, প্রয়োজন অনুযায়ী যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত থাকাও। তিনি বলেন, তুমি যখন অধিনায়ক, তখন তোমাকে অন্যদের চেয়ে আলাদা হতে হবে।
কোচ আরও বলেন, মাঝমাঠে আমাদের বের্নার্দো, চুয়ামেনি, কামাভিঙ্গা ও থিয়াগো আছে। এর বাইরে আর কেউ নেই। সে কারণেই আমার মনে হয়, ফেদে রাইটব্যাকে খেলবে। কারণ, আমরা সবাই তাকে সেখানে খেলতে পছন্দ করি। তবে মাঝমাঠেও তাকে খেলতে হবে।
ভালভের্দের এই নমনীয়তা রিয়ালের জন্য বাড়তি সুবিধা তৈরি করেছে। দলের প্রয়োজন অনুযায়ী মাঝমাঠ ও রক্ষণভাগে তাকে ব্যবহার করতে পারছেন মরিনিয়ো।



