খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা বিভাগের হিসাবরক্ষক আহত, হাসপাতালে ভর্তি

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রূপসা উপজেলার শিক্ষা বিভাগের হিসাবরক্ষক মশিউর রহমান (৫৯) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার রাত ৮টার দিকে নগরের মিয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনের হাসানের চায়ের দোকানের পাশে তিনি গুলিবিদ্ধ হন। আহত মশিউর মোজাম্মেল হকের ছেলে।
আহত মশিউর রহমান বলেন, মেয়ের জন্য খাবার কিনতে তাঁর বাসা পাইপের মোড় থেকে পিটিআই মোড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক অন্য একজনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাম পাঁজরে বিদ্ধ হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ওই ভদ্রলোক বাইরে কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।"
গুলিবিদ্ধ মশিউর রহমানকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, তিনি আশঙ্কামুক্ত আছেন।


